ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রীদের জোর করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট।ছাত্রজোটের নেতারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ছাত্রীদের জোর করে নির্বাচনী কাজে ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, মেধার যোগ্যতায় ভর্তি হলেও ছাত্রলীগের এই নির্যাতন সহ্য করা যে কারও জন্যই চূড়ান্ত অপমানের। নির্বাচনী কাজে ছাত্রীদের প্রতিদিন নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন ও ন্যক্কারজনক। অবিলম্বে এই নির্যাতন বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ও জড়িতদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন তাঁরা।আজ বৃহস্পতিবার তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বানে ঢাকা-সুনেত্র লংমার্চের সমর্থনে মিছিল ও সমাবেশে এ অভিযোগ করেন ছাত্রজোটের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়কারী ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম শুভ, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।