শিক্ষা মন্ত্রণালয়ে গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিদের সভা
ছাত্রীদের নিরাপত্তায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে
ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিরোধে আইনি নজরদারি জোরদার করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গণজাগরণ সৃষ্টি করতে দেশের সুশীল সমাজ, গণমাধ্যম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নারী সংগঠন, মানবাধিকার, আইনি সংগঠনসহ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা স্কুল-কলেজে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ড জোরদার করা, স্কুল-কলেজে স্টুডেন্ট কাউন্সিলর নিয়োগ, অভিযোগ বাক্স স্থাপন ও গণসচেতনতা বৃদ্ধির বিষয়ে মত দেন।সভার সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গত কয়েক বছরে মেয়েদের উত্ত্যক্তকারীদের বখাটেপনা সন্ত্রাসীরূপ ধারণ করেছে। এটা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে।মন্ত্রী বলেন, ১৩ মে মন্ত্রণালয় এ বিষয়ে জাতীয় সেমিনার আয়োজন করবে। এ ছাড়া ২০ মে দেশজুড়ে শিক্ষা দিবস পালন করা হবে। মন্ত্রী পাড়া-মহল্ল¬ায়, স্কুল-কলেজে প্রতিরোধ কমিটি গঠনসহ ছাত্রীদের নিরাপত্তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।সভায় তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আচরণ-নির্দেশিকা বিষয়ে শিক্ষকদের সাপ্তাহিক সভা আয়োজন এবং বখাটে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও তা গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান। তিনি বলেন, ছেলেমেয়েদের বিষয়ে অভিভাবকদের সজাগ থাকা উচিত। স্কুল-কলেজের আশপাশের সুধীজনদের দিয়ে তদারকি কমিটি গঠন করলে সুফল পাওয়া যেতে পারে বলে মন্ত্রী মত প্রকাশ করেন।সভায় সাংসদ তারানা হালিম ও সারাহ বেগম কবরী, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. মাহবুবুল আলম, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহার, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মামুনুর রশিদ, ইলিয়াস কাঞ্চন, হাসান আরিফ, অরূপ রতন চৌধুরী, সারওয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম সারওয়ার, ইকবাল সোবহান চৌধুরী, ফরিদুর রেজা সাগর, আবেদ খান, আব্দুল কাইয়ুম, ইহসানুল করিম, খন্দকার মুনীরুজ্জামান, গোলাম তাহাবুর, মাহবুবুল আলম প্রমুখ।