ছাত্রীনিবাসে ‘সুব্যবস্থা’ কেবল বিজ্ঞাপনেই
ঘরে ঢুকতেই আগে চোখে পড়ে ছোট তিনটি চৌকি। শয়নকক্ষে নয়, চৌকিগুলো পাতা খাবারঘরের কক্ষে। তিনটি চৌকিতে বসে পড়ছিলেন পাঁচজন শিক্ষার্থী। পড়ার টেবিল রাখার জায়গা নেই। কোনোমতে রাখা গেছে কাপড় রাখার দুটি প্লাস্টিকের শেলফ। এ কক্ষের মধ্য দিয়েই বাথরুম, রান্নাঘরে যাচ্ছে অন্য কক্ষগুলোয় থাকা মেয়েরা। বলা হচ্ছে, আজিমপুর এলাকার চায়না বিল্ডিংয়ের গলির বলাকা হোস্টেলের কথা। এখানে থাকেন ইডেন মহিলা কলেজ ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। কলেজের হলে সিট না পাওয়ায় তাঁদের এই হোস্টেলে থাকা।উচ্চতর পর্যায়ে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার স্বপ্ন নিয়ে সারা দেশ থেকে অনেক ছাত্রী ঢাকায় ছুটে আসেন প্রতিবছর। কিন্তু সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল বা হলগুলোতে প্রয়োজনের তুলনায় আসনসংখ্যা নগণ্য। ফলে ঢাকায় আসা ছাত্রীদের একাংশের ভাগ্যেই শুধু জোটে নির্ধারিত আসন। এ ছাড়া ভালো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক ছাত্রীরা ‘কোচিং’ করতে আসেন ঢাকায়। বাধ্য হয়ে এই বিপুলসংখ্যক ছাত্রীকে ছুটতে হচ্ছে ব্যক্তিমালিকানাধীন ছাত্রী হোস্টেলগুলোতে। ঢাকার আনাচ-কানাচে গড়ে উঠেছে ব্যক্তিমালিকানাধীন অনেক ছাত্রী হোস্টেল। হোস্টেলগুলোর জন্য সরকারের কোনো নীতিমালা না থাকায় অধিকাংশ হোস্টেলে সেবার মান অত্যন্ত নিম্ন। নানা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিয়ে হোস্টেলগুলো ছাত্রীদের আসন বরাদ্দ দিলেও পরে সেসব সুবিধা আর পাওয়া যায় না। ফার্মগেট, আজিমপুর, পলাশী, বকশীবাজার, নীলক্ষেত, বনানী, ধানমন্ডিসহ নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ব্যক্তিমালিকানাধীন বেশির ভাগ হোস্টেলের কোনো সাইনবোর্ড নেই। কোনো রকমে একটা ভবন বা ভবনের একটি অংশ ভাড়া নিয়ে ছাত্রী হোস্টেল খুলে বসেছে। ঢাকা শহরের এ ধরনের কিছু ছাত্রী হোস্টেল ঘুরে দেখা গেছে নানা সমস্যার চিত্র। অতিরিক্ত আসন ভাড়াফার্মগেট এলাকার হোস্টেলগুলোতে থাকতে প্রতি মাসে তিন থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দিতে হয়। হোস্টেলে ওঠার সময় এক মাসের ভাড়া অগ্রিম দিতে হয়। এ ছাড়া সিকিউরিটি মানি হিসেবে বাড়তি এক মাসের ভাড়ার সমপরিমাণ টাকা আদায় করা হয়। এই সিকিউরিটি মানির টাকা বেশির ভাগ হোস্টেলই আর ফেরত দেয় না। ফার্মগেটের নিবেদিকা হোস্টেলে ভর্তি করতে বগুড়া থেকে আসা একজন অভিভাবক বলেন, ‘আমার মেয়েকে আমি মাসের ২০ তারিখে হোস্টেলে ভর্তি করিয়েছি। আর এর জন্য আমাকে পুরো মাসের সিট ভাড়া, খাবারের টাকা ও সিকিউরিটির টাকা দিতে হয়েছে।’ ফার্মগেটের মেথেন্ডা হোস্টেলের বাসিন্দা সুমাইয়া বলেন, ‘এখানে খাবার না খেলেও টাকা ঠিকই দিতে হয়। আমি ছুটির কারণে দুই মাস ছিলাম না, তবু আমার কাছ থেকে হোস্টেল কর্তৃপক্ষ খাবারের টাকা নিয়েছে।’ ধানমন্ডি-১-এ মাদার তেরেসা হোস্টেলের ছাত্রী সাথী জানান, মাসের ১৫ তারিখে হোস্টেলে ওঠার সময় তাঁকে পুরো মাসের টাকাই দিতে হয়েছে। এসব হোস্টেলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা বলে, এটাই তাদের হোস্টেলের নিয়ম।নিম্নমানের খাবারহোস্টেলগুলোর বিজ্ঞাপনে অনেক স্বাস্থ্যসম্মত খাবারের তালিকা দেওয়া থাকে। কিন্তু ছাত্রীদের সঙ্গে কথা বলে পাওয়া যায় ভিন্ন চিত্র। তাঁদের দাবি অনুযায়ী, বিজ্ঞাপনে প্রদত্ত তালিকা অনুযায়ী খাবার সরবরাহ তো দূরের কথা, দেওয়া হয় নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার। তিতাস হোস্টেলের নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসিন্দা জানান, ‘আমাদের যে খাবার দেওয়া হয় তা অত্যন্ত নিম্নমানের। রান্নার অবস্থা খুবই খারাপ। কী দিয়ে কী রান্না করে তার কোনো ঠিক নেই। আর খাবারের পরিমাণের কথা তো বলাই বাহুল্য।’ ধানমন্ডি এলাকার সাইনবোর্ডহীন এক হোস্টেলের ছাত্রী সীমা জানান, তাঁদের কাছ থেকে যে টাকা নেওয়া হয়, সেই মানের খাবার দেওয়া হয় না। রাতের উদ্বৃত্ত বাসি তরকারি দিয়ে প্রায়ই সকালের খিচুড়ি রান্না করা হয়। নিজেদের রান্না করে খাওয়ার কোনো ব্যবস্থা নেই হোস্টেলে। প্রায়ই না খেয়ে থাকতে হয়। কিন্তু মাসে মাসে টাকা ঠিকই আদায় করে কর্তৃপক্ষ।হোস্টেল মালিকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে গেলে বেশির ভাগ মালিকই কথা বলতে চাননি। দু-একজন যা বলেছেন, তার মোদ্দা কথা হলো, ‘জিনিসপত্রের দাম বেশি, যে টাকা নিই, সেই অনুযায়ীই খাবার দিতে হয়। এর বেশি টাকা দিতে বললে অধিকাংশ ছাত্রী দিতে পারে না।’আসন নিয়ে প্রতারণাপ্রায় সব ছাত্রীরই আসন নিয়ে নানা অভিযোগ আছে। বেশ কয়েকটা হোস্টেল ঘুরে তাঁদের অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেল। চার কক্ষের বাসাকে হার্ডবোর্ড দিয়ে বিভক্ত করে আট থেকে ১০টি কক্ষ বানানো হয়। খাবার কক্ষ ও বারান্দায়ও মেয়েদের রাখা হয়। ফার্মগেটের হোস্টেলগুলোতে মোটামুটি মাঝারি আকারের চার কক্ষবিশিষ্ট একেকটি ফ্ল্যাটে প্রায় ৩০ জন মেয়ে থাকেন। আজিমপুর হোস্টেলগুলোতে ঘুরে দেখা যায়, ছোট একটি ঘরের মধ্যে ঠাসাঠাসি করে পাঁচজন মেয়ে থাকেন। তার মধ্য দিয়েই মেয়েরা যাতায়াত করেন এক ঘর থেকে আরেক ঘরে। আজিমপুর এলাকার একটি হোস্টেলের বাসিন্দা পারুল বলেন, ‘হোস্টেলে ওঠার সময় বলা হয়, এক কক্ষে তিন বা চারজন মেয়ে থাকবে। কিন্তু ওঠার কদিন যেতে না যেতেই এক রুমে ছয়জন করে রাখে। মালিকদের এ কথা জানালে বলে, ‘সমস্যা হলে হোস্টেল ছেড়ে দাও।’ ধানমন্ডি এলাকার একটি হোস্টেলের বাসিন্দা মেরিনা বলেন, ‘হোস্টেলে ওঠার সময় সিঙ্গেল বেডের কথা বলে ওঠায়। কিন্তু পরে দেখা যায় ডাবল বেডে দিয়েছে। অথচ ভাড়া নিচ্ছে সিঙ্গেল বেডের। এভাবে থাকতে হচ্ছে অনেককে। সেই ডাবল বেড আবার প্রস্থে মাত্র তিন হাত। একটা রুমে এত মেয়ে, দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না। কিছু বলতে গেলে মালিকদের একটাই উত্তর, না পোষালে ছেড়ে দাও। ছেড়ে দিতে চাইলেও সমস্যা। সিকিউরিটির টাকা ফেরত দিতে চায় না।’অস্বাস্থ্যকর পরিবেশঅধিকাংশ হোস্টেল ঘুরে দেখা গেছে বারান্দা, ডাইনিং স্পেসে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে রুম বানানোর ফলে চলাফেরা করার জায়গা থাকে না। অধিকাংশ হোস্টেলের জানালা খোলা নিষিদ্ধ থাকায় আলো-বাতাস ঢোকে না। আবার দিনের বেলা বাতিও জ্বালাতে দেয় না হোস্টেল কর্তৃপক্ষ। ফলে অন্ধকারাচ্ছন্ন ঘরে থাকতে হয়। ২৫ থেকে ৩০ জন বাসিন্দার জন্য একটা বা দুইটা বাথরুম থাকে। জরুরি সময়গুলোতে দীর্ঘ লাইন পড়ে। অনেককে গোসল না করেই বের হয়ে যেতে হয়।বনানী এলাকায় একটা হোস্টেলে থাকেন ফারিয়া আক্তার। তিনি বলেন, ‘তিন কক্ষের একটা ফ্ল্যাটে ৩০ জন থাকি। বারান্দাগুলো ঘিরে রুম বানিয়েছে। আলো-বাতাস ঢোকে না। পা ফেলার জায়গা নেই। কাপড় শুকানোর জায়গা নেই। ফার্মগেট এলাকায় একটি হোস্টেলের ছাত্রী রিমা বলেন, ‘আমাদের একসঙ্গে অনেক মেয়েকে গাদাগাদি করে থাকতে হয়। দুইটা বাথরুম। সিরিয়াল পাওয়া যায় না। গোসল না করেই কলেজে চলে যেতে হয় বেশির ভাগ দিন। রাতে এসে গোসল করায় ঠান্ডা লেগে যায়।’নিরিবিলি পড়ার পরিবেশ নেইএকটা ছোট রুমের মধ্যে তিন-চারটা চৌকি। তাই সবার জন্য পড়ার টেবিল রাখার জায়গা হয় না। ঘরে পাঁচ-ছয়জন মেয়ে থাকলে সর্বোচ্চ দুটি টেবিল রাখা যায়। আবার কোনোখানে তাও রাখা যায় না। এভাবে পড়াশোনা করতে সব মেয়েরই সমস্যা হয় বলে জানা গেছে। এক রুমের মধ্যে ঠাসাঠাসি করে থাকায় তাঁদের নিরিবিলি পড়ার সুযোগ হয় না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, ‘যে পড়াশোনা করার জন্য ঢাকা শহরে এত কষ্ট করে থাকা, সেই পড়াটাও শান্তিমতো করা যায় না। বিদ্যুত্ বিল কমাতে রাত ১১টার মধ্যে লাইট অফ করে দিতে হয়। তাই রাত জেগে যে নিরিবিলি পড়ব তারও উপায় নেই।’ নেই নিরাপত্তাব্যবস্থাঅধিকাংশ হোস্টেলে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নেই। যেসব ফ্ল্যাটে ছাত্রী হোস্টেল আছে, সেই ফ্ল্যাটের ফটকে ফ্ল্যাট কমিটির নিজস্ব নিরাপত্তারক্ষী থাকে। হোস্টেল মালিকের নিজস্ব কোনো নিরাপত্তাপ্রহরী দেখা যায় না। কয়েকজন শিক্ষার্থী জানান, তাঁদের হোস্টেলগুলোতে সিকিউরিটি গার্ডের ব্যাপারে মালিকদের কোনো মাথাব্যথা নেই। আর এ কারণে অনেক সময় বখাটেদের উত্পাত বেড়ে যায়। অনেক ছাত্রী হোস্টেলে আলাদা নৈশপ্রহরীর ব্যবস্থা নেই। এ ব্যাপারেও মালিকপক্ষ কথা বলতে নারাজ।নেই কোনো সরকারি উদ্যোগবেসরকারি ছাত্রী হোস্টেলে অনিয়মের ব্যাপারে ছাত্রীদের অভিযোগ জানানোর কোনো জায়গা নেই। এসব সমস্যা সমাধানে নেই কোনো সরকারি বা সামাজিক উদ্যোগ, নেই কোনো নীতিমালা। ছাত্রী হোস্টেলের ব্যাপারে কথা বলা হয় জাতীয় মহিলা সংস্থার সঙ্গে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম বলেন, জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রায় সব কটি জেলায় কর্মজীবী মহিলা হোস্টেল আছে। কিন্তু কোনো ছাত্রী হোস্টেল নেই। ছাত্রী হোস্টেল সম্পর্কিত কোনো নীতিমালাও নেই। ছাত্রী হোস্টেল করার ব্যাপারে অনেক অভিভাবক দাবি জানান। এর জন্য প্রয়োজন বড় ধরনের পরিকল্পনা। এ জন্য সরকারের সহায়তা প্রয়োজন। মহিলাবিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নুরুল কবির সিদ্দিক বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে কোনো ছাত্রী হোস্টেল নেই। ছাত্রী হোস্টেল নিয়ে কোনো নির্দিষ্ট নীতিমালা নেই। বিভিন্ন সময়ে এ বিষয়ে নানা অভিযোগ পাওয়া যায়। কিন্তু সংশ্লিষ্ট নীতিমালা না থাকায় সরাসরি কোনো ব্যবস্থা নেওয়া যায় না। ছাত্রী হোস্টেল নিয়ে কোনো পরিকল্পনা বা উদ্যোগ অধিদপ্তরের নেই বলে তিনি জানান।