ছাত্রীর গালে ক্ষুর দিয়ে পোচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রীকে নির্যাতন করেছে বখাটেরা। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা ক্ষুর দিয়ে তাঁর বাঁ-গাল কেটে দিয়েছে। গতকাল সোমবার কিশোরগঞ্জে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ছাত্রীকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত ছাত্রী বাদী হয়ে আজ মঙ্গলবার কিশোরগঞ্জ মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার আসামি মাহবুবের সহযোগী তানজিদ আহমেদকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও এলাকাবাসীরা জানায়, নির্যাতিতা শিক্ষার্থী কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়েন। তিনি কলেজের কাছে একটি ছাত্রী মেসে থেকে পড়তেন। গত তিন মাস ধরে হোসেনপুর উপজেলার লাকুহাটি গ্রামের মাহবুব (২২) তাঁকে উত্ত্যক্ত করতেন। তিনি হোসেনপুর ডিগ্রি কলেজের ছাত্র। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় মাহবুব ওই ছাত্রীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন। প্রতিদিনই তিনি তাঁকে বিভিন্নভাবে ভয় দেখাতেন।গতকাল দুপুরের দিকে কোচিং থেকে মেসে ফেরার পথে ফিশারি লিংক রোডে মাহবুব ও তাঁর সহযোগীরা মোটরসাইকেল দিয়ে কিশোরীর গতিরোধ করেন। একপর্যায়ে মাহবুব তাঁকে আবারও প্রেমের প্রস্তাব দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা চলে। তর্কাতর্কির একপর্যায়ে মাহবুব ক্ষুর দিয়ে তাঁর গাল কেটে দেন। এ সময় তিনি জ্ঞান হারান। মাহবুব ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মেয়েটির অবস্থা গুরুতর ছিল। তাঁর গালে ১৮টি সেলাই লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত হলেও চিকিত্সকদের বিশেষ নজরে রয়েছেন।মেয়টির বাবা কৃষক মো. আক্কাস আলী জানান, ‘মেধাবী হওয়ায় আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তাকে কিশোরগঞ্জ পড়াশোনার জন্য পাঠিয়েছি। বখাটেরা আমার মেয়ের এমন সর্বনাশ করবে তা চিন্তাও করতে পারি নাই।’ তিনি কেঁদে বলেন, ‘আমি এই ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর অভিযুক্ত মাহবুবের সহযোগী তানজিদ আহমেদকে হাসপাতাল সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।