ছাত্রীর চুল কেটে নিল বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীর চুল কেটে নিয়েছে এক বখাটে যুবক। গতকাল শনিবার বিকেলে নাটোরের সদর উপজেলার ঠান্দাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ অভিযোগে আজ রোববার ওই ছাত্রীর বাবা নাটোরের নলডাঙ্গা থানায় বখাটে যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। নাটোরের নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, সদর উপজেলার পাটুল হাফানিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ওই ছাত্রী গতকাল পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। পথে ঠান্দাবাড়ি এলাকায় বখাটে আতিকুর তার পথরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তার কিছু চুল কেটে ফেলে। সঙ্গে থাকা ওই ছাত্রীর এক বান্ধবী জানায়, ওই ছাত্রীর চুলে দুটি বেণি করা ছিল। আতিকুর হঠাত্ কাঁচি দিয়ে তার বান্ধবীর চুল কেটে নিয়ে পালায়। এ সময় তাদের চিত্কারে এলাকার লোকজন ছুটে আসে। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। ঘটনাটি আতিকুরের পরিবারকে জানালে তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ছাত্রীর পরিবারকে চাপ দেয়। ওই ছাত্রীর বাবা বলেন, ‘আতিকুরের পরিবার ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত। প্রথমে গ্রামের অনেকে এই ঘটনা নিয়ে উত্তেজিত হলেও তাদের চাপের মুখে কোনো পদক্ষেপ নেয়নি। বাধ্য হয়ে আমি নলডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছি।’স্থানীয় পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেব জ্যোতি বলেন, ‘ওই ছাত্রীর ওপর হামলাকারী যে দলের হোক না কেন, তার বিরুদ্ধ প্রশাসনকে ব্যবস্থা নিতেই হবে। নইলে আমরা ওর বিচার করব।’ এদিকে অভিযুক্ত আতিকুর রহমান ঘটনার পর থেকে পলাতক থাকলেও সে মুঠোফোনে সাংবাদিকদের জানায়, ‘আমি ওর চুল কাটিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।’ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, অভিযুক্ত আতিকুর রহমান পিপরুল গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন।