ছাত্রীর মৃত্যু, শেরেবাংলার শিক্ষার্থীদের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বাসের ধাক্কায় আহত শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ওই এলাকায় ভাঙচুর চালিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে মাইক্রোবাসের ধাক্কায় আহত হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোশনা আফরোজ। আজ বুধবার বিকেলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত আটটার পর নির্বাচন কমিশনের সামনের রাস্তা অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দ্রুতগতিতে চলা একটি মাইক্রোবাস পেছন থেকে রোশনার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। রক্তাক্ত অবস্থায় রোশনাকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বিকেল পাঁচটার দিকে তিনি মারা যান।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আবদুল মমীন বলেন, লাশ পপুলার হাসপাতালে রাখা হয়েছে। পুলিশ আরও জানায়, রাত সাড়ে আটটার দিকে যানবাহন ভাঙচুরের খবরে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ভাঙচুর ঠেকাতে পুলিশ বিজয় সরণির উড়োজাহাজ ক্রসিং থেকে আগারগাঁও ক্রসিং পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। রোশনা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষে ওই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন। তাঁর বাবার নাম আবদুর রউফ। গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে।