রাজশাহীর পবা উপজেলায় গত শনিবার এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে রাজু আহাম্মেদের (২২) বিরুদ্ধে। মেয়েটির ‘অপরাধ’ সে রাজুর বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। অসুস্থ ওই ছাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। আজ সোমবার পুলিশ রাজুকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।মেয়েটির মামার দাবি, কিছুদিন আগে পবা উপজেলার টিকটিকিপাড়া গ্রামের আফসার আলীর ছেলে রাজু আহাম্মেদ তাঁর ভাগনিকে বিয়ের প্রস্তাব দেন। মেয়েটি রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রাজু তাঁর ভাগনিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে নানাভাবে উত্ত্যক্ত করত। এ থেকে ভাগনিকে রক্ষা করতে তিনি পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়ার সময় তার সঙ্গে থাকতেন। গত শনিবার ব্যবহারিক পরীক্ষা শেষে তাঁর ভাগনি একটু আগে বের হয়ে তাঁকে আসার জন্য ফোন করতে দোকানে যায়। এ সময় বন্ধুকে সঙ্গে নিয়ে রাজু পেছন থেকে তাঁর ভাগনির বাঁ-হাতে সিরিঞ্জের মাধ্যমে বিষাক্ত কিছু পুশ করে পালিয়ে যায়। ঘটনার সময় ওই ফোনের দোকানের আশপাশে থাকা স্থানীয় লোকজন জানিয়েছে, মেয়েটি অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তারা প্রথমে তাকে প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার কারণ ব্যাখ্যা করে মেয়েরটির মামা বলেন, ছেলেটি (রাজু) একেবারে বকলম। সে একটি কারখানায় বাক্স তৈরির কাজ করে। গতকাল রাতে হাসপাতালে গিয়ে এ প্রতিবেদক দেখতে পান, মেয়েটির বাঁ-হাতের কনুই থেকে ওপরের দিকে ফোলা। সে যন্ত্রণায় কাতরাচ্ছিল। মেয়েটি জানায়, প্রথম দিন তার হাতে কোনো ফোলা ছিল না। ক্রমেই কনুই থেকে ওপরের দিকে ফুলে যাচ্ছে। ওয়ার্ডের কর্তব্যরত এক চিকিত্সক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, কোনো স্বাভাবিক সুচ ফুটালে হাত এভাবে ফুলে যাওয়ার কথা নয়। তাঁরা ধারণা করছেন, ওই সিরিঞ্জে অবশ্যই বিষাক্ত কিছু ছিল। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী গোপেন আচার্য বলেন, আজ সকালে মেয়েটির অবস্থার অবনতি হলে তাকে ওসিসিতে ভর্তি করা হয়। মেয়েটির হাতে ইনফেকশন হয়েছে।পবা থানার উপপরিদর্শক (এসআই) আবু ওবায়দা জানান, এ ঘটনায় রাজু আহাম্মদকে আসামি করে ওই ছাত্রীর মা গতকাল রাতে মামলা করেছেন। এর পর পুলিশ রাজুকে গ্রেপ্তার করে। আজ সকালে রাজুকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এ অভিযোগের ব্যাপারে রাজুর পরিবারের লোকজনের সঙ্গে চেষ্টা করেও কথা বলা যায়নি।