ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করায় ঢাকা-গাজীপুর সড়ক দেড় ঘণ্টা অবরোধ
এক ছাত্রীর সঙ্গে বাসচালকের সহকারী দুর্ব্যবহার করায় আজ শুক্রবার দেড় ঘণ্টা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখেন ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। শিক্ষার্থীদের সঙ্গে মালিক পক্ষের আলোচনার পর যান চলাচল শুরু হয়। শিক্ষার্থীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী গাজীপুর শহর থেকে ক্যাম্পাসে ফেরার জন্য গাজীপুর পরিবহনের একটি বাসে উঠতে গেলে চালকের সহকারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। আজ সকালে এ খবর জানাজানি হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে গাজীপুর পরিবহনের তিনটি বাস আটক করেন। এতে অন্য বাসের চলাচলও বন্ধ হয়ে যায়। পরে মালিক পক্ষের লোকজন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে দোষী সহকারীর শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।গাজীপুর পরিবহনের পরিচালক মো. নুরুল হক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন।