রাজধানীর মতিঝিলে গতকাল শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে পরিবহন শ্রমিকদের মারামারিতে আহত রেদওয়ানুল ইসলাম (২৫) রাতে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক পরীক্ষা দিয়ে ফলের অপেক্ষায় ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ৩০৪ নম্বর কক্ষে থাকতেন।রেদওয়ানুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আজ রোববার সকাল থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা শাহবাগ থেকে মত্স্য ভবন পর্যন্ত এলাকায় ৩০ থেকে ৩৫টি গাড়ি ভাঙচুর করেন এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। নিহত রেদওয়ানুলের লাশ বিশ্ববিদ্যালয় মসজিদে নিয়ে আসার কথা থাকলেও তা না এনে বাড়িতে পাঠিয়ে দেওয়ার খবরে দ্বিতীয় দফায় শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় বিক্ষোভ শুরু করেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।শিক্ষার্থী, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে আরবি বিভাগের শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে বিক্ষোভ করেন, পরে তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীই যোগ দেন। বেলা পৌনে ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় গিয়ে গাড়ি ভাঙচুর শুরু করেন। শাহবাগ থেকে মত্স্য ভবন পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৩০ থেকে ৩৫টি গাড়ি ভাঙচুর করেন। একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতর চলে যান। দুপুর ১২টার দিকে শাহবাগে পরিস্থিতি শান্ত হয়।রেদওয়ানুলের লাশ ধানমন্ডি আনোয়ার খান হাসপাতাল থেকে সকালে বারডেমে নিয়ে আসা হয়। বিশ্ববিদ্যালয় মসজিদে তাঁর নামাজে জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু তাঁর লাশ সেখানে না এনে তাঁর বাড়ি বরিশালের পলাশপুরে পাঠিয়ে দেওয়া হয়।এতে ক্ষুব্ধ হয়ে দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের নীলক্ষেত মোড়ের দিকে সংগঠিত হতে থাকেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় এফ রহমান হলের শিক্ষার্থীরাও তাতে যোগ দেন। পুলিশ এতে বাধা দিতে গেলে সেখানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছোড়ে। এতে অন্তত পাঁচজন ছাত্র আহত হন।শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে এ ধরনের অবস্থা চলার সময় প্রক্টোরিয়াল বডির কাউকে সেখানে পাওয়া যায়নি। বিক্ষুব্ধ ছাত্রদের ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মী বলে গালাগাল করেন ছাত্রলীগের কর্মীরা।এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোনে প্রক্টর সাইফুল ইসলামকে পাওয়া যায়নি। তবে এর আগে তিনি জানিয়েছিলেন, ধানমন্ডি আনোয়ার খান হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে রেদওয়ানুলের মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি ছাত্রলীগের এস এম রিয়াজউদ্দিন চৌধুরী বলেন, তাঁদের কাছে খবর আছে, ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির সংগঠিত হওয়ার চেষ্টা করছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এফ রহমান হলের ছাত্র ও আরবি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ওজায়ের হোসাইন জানান, তাঁদের হলে থাকা আরবি বিভাগের শিক্ষার্থীদের ‘অ্যারাবিক সোসাইটি’ নামে একটি সংগঠন আছে। ওই সংগঠনের পক্ষ থেকে গতকাল তাঁরা সোনারগাঁওয়ে বেড়াতে যান। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার জন্য মদনপুর থেকে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বাস ঈশা খাঁয় ওঠেন। দ্বিতল বাসের ওপরের তলায় চলে যান তাঁরা। একসময় তাঁরা হইচই শুনে নিচে নামেন।ঈশা খাঁ বাসে থাকা অন্য শিক্ষার্থীরা জানান, ওই এলাকার হিমালয় বাস কাউন্টারের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে যাত্রী তোলা হয়। এতে ক্ষুব্ধ হয়ে হিমালয় পরিবহনের শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের বাসের শ্রমিক ও ছাত্রদের মারধর করেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বাসটি সেখান থেকে চলে আসে। পথে শিক্ষার্থীরা হলের ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে হিমালয় পরিবহনের বাস আটকের সিদ্ধান্ত নেন। মতিঝিলে বাসের ও হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে হিমালয় পরিবহনের একটি বাস থামাতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। শিক্ষার্থীরা হিমালয় পরিবহনের ওই বাসটি নিয়ে ক্যাম্পাসের দিকে রওনা করেন। এ সময় কিছু ছাত্র ওই বাসে উঠতে পারেনি। পরিবহন শ্রমিকেরা ওই ছাত্রদের ব্যাপক মারধর করেন। এতে রেদওয়ানুল গুরুতর আহত হন। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পরিবহন শ্রমিকেরা তাঁকে মারধর করেছেন বলে তাঁরা অভিযোগ করেন।তবে মতিঝিল থানা পুলিশ জানায়, তারা আহত অবস্থায় রেদওয়ানুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাতে পরিস্থিতির অবনতি হলে তাঁকে ধানমন্ডি আনোয়ার খান হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত দুইটা পাঁচ মিনিটে তাঁর মৃত্যু হয়।