ছাত্রের মৃত্যুতে সহিংস শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাকেন্দ্র, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন ভবনে ভাঙচুর ও বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।প্রশাসনের পক্ষ থেকে যথাসময়ে অ্যাম্বুলেন্স দিতে ব্যর্থ হওয়ায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ছাত্র আবদুল মালেক সন্ধ্যা সাতটার দিকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ওই সময় উপাচার্যের বাসভবনের সামনে থাকা অ্যাম্বুলেন্সটি আনতে চালক বাচ্চু মিয়াকে নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাকেন্দ্রে অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়। পরে মালেককে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে মালেকের মরদেহ মওলানা ভাসানী আবাসিক হলের সামনে আনা হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা রড, পাইপ ও লাঠি নিয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে ভাঙচুর করেন এবং একটি কক্ষে আগুন ধরিয়ে দেন। এরপর শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স ও দুটি মাইক্রোবাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। কয়েকজন ভেতরে ঢুকে একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। তাঁরা উপাচার্যের রান্নাঘরসহ কয়েকটি কক্ষে ঢুকেও ভাঙচুর চালান। পরে তাঁরা কোষাধ্যক্ষের বাসভবন, ভাসানী হলের প্রাধ্যক্ষের বাসভবন, প্রশাসনিক ভবন, আবাসিক শিক্ষকদের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভাঙচুর চালান। শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। রাত ১১টার দিকে তাঁরা অবরোধ তুলে নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, যথাসময়ে অ্যাম্বুলেন্স না পাওয়ায় সুচিকিৎসার অভাবে মালেকের মৃত্যু হয়েছে। অ্যাম্বুলেন্সের জন্য প্রক্টরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রক্টর সোহেল আহমেদ বলেন, হল প্রাধ্যক্ষের কাছ থেকে বিষয়টি জানার পর দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ‘ছাত্রশিবিরের স্লোগান দিয়ে একাধিক ভবনসহ আমার বাসভবনে ভাঙচুর করা হয়েছে। বিষয়টি অনেকেই আমাকে নিশ্চিত করেছেন। সুস্থ ধারার রাজনীতির ছাত্ররা এ কাজ করতে পারে না।’