ছাত্রের মৃত্যুর জেরে সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ছাত্র নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে ১০টা থেকে ওই কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে একত্র হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। প্রথমে দূর থেকে ইট মেরে তিনটি বাসের কাচ ভাঙে তারা। এরপর সায়েন্স ল্যাবের দিকে মিছিলসহ গিয়ে মিরপুর সুপার লিংকের একটি বাসে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় পুলিশ লাঠিপেটা করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে ঢাকা কলেজের সামনে এসে আবারও বিক্ষোভ করতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলেও নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, বেলা একটা থেকে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়ে আসতে শুরু করে। প্রসঙ্গত, গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে নীলক্ষেত মোড়ে ঢাকা কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র মোহাম্মদ জাকারিয়া (২৫) বাসচাপায় নিহত হন। এর জের ধরে আজ সকালে ওই কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও ভাঙচুর চালায়।