ছাদ থেকে ইট পড়ে পথচারী কলেজছাত্রী আহত
রাজধানীর আজিমপুর এলাকায় আজ শনিবার দুপুরে একটি বাড়ির ছাদ থেকে ইট মাথায় পড়ায় লতিফা জান্নাতুল ফেরদৌসী (২৩) নামের এক পথচারী আহত হয়েছেন। লতিফা ইডেন কলেজের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। সংকটজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা সোয়া দুইটার দিকে বিডিআর ২ নম্বর গেট এলাকা দিয়ে লতিফা যাচ্ছিলেন। এ সময় একটি পাঁচতলা বাড়ির ছাদ থেকে পর পর দুটি ইট তাঁর মাথায় পড়ে। এতে তাঁর মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্বজনেরা তাঁকে উন্নত চিকিত্সার জন্য মহাখালীর মেট্রোপলিটান হাসপাতালে ভর্তি করান। চিকিত্সকেরা বলেছেন, ইটের আঘাতে লতিফার মাথায় রক্তক্ষরণ হচ্ছে।লতিফা আজিমপুরের একটি মেসে থাকেন। সেখান থেকে মিরপুরে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।