ছাদ থেকে লাফিয়ে পড়ে বিএসএমএমইউয়ের কর্মচারীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী হাফিজুর রহমান (৩৭) আজ বুধবার হাসপাতালের সি ব্লকের নয়তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকাল আটটার দিকে হাফিজ ছাদ থেকে লাফিয়ে পড়েন। তাঁকে আইসিইউতে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। হাফিজের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হাফিজের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকার নাখালপাড়ায় থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।হাফিজ বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের কর্মচারী ছিলেন। হাফিজের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জোট সরকারের সময় তিনি বিএসএমএমইউয়ে নিয়োগ পান। দৈনিক ভিত্তিতে তাঁকে বেতন দেওয়া হতো। সহকর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অনেকের মতো তাঁর চাকরির বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়ে। কিছুদিন ধরে তিনি বকেয়া বেতন ও অন্যান্য সমস্যায় ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তাঁর সহকর্মীরা দাবি করেন।