ছাদটা বুঝি মাথায় পড়ল!
পাবনার সাঁথিয়া উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ১৩ জন। যতক্ষই তাঁরা কার্যালয়ে থাকেন পুরোটা সময় তাঁদের মধ্যে থাকে একধরনের চাপা আতঙ্ক। সতর্ক দৃষ্টিতে কিছুক্ষণ পরপর ছাদের দিকে তাকানো তাঁদের অভ্যাসে দাঁড়িয়েছে। আর ঝড়-বৃষ্টি শুরু হলে তো কথাই নেই। ভয়ে তাঁরা গিয়ে আশ্রয় নেন আশপাশের অন্য কোনো ভবনে। এ কার্যালয়ে বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ মানুষের প্রায় একই রকম দশা। যে ভবনে কার্যালয়টি অবস্থিত, সেটির ঝুঁকিপূর্ণ ভগ্নদশাই সবার মনে এমন আতঙ্ক সৃষ্টি করেছে। কার্যালয়ের কানুনগো আমিনুল ইসলাম বলেন, ‘অফিস চলাকালে মাঝেমধ্যেই ছাদ থেকে ইট-বালুর টুকরো খসে পড়ে। কয়েক দিন আগে ছাদ থেকে প্লাস্টারের বড় একটি অংশ আমার পাশের সহকর্মীর টেবিলে পড়লে বড় ধরনের দুর্ঘটনা থেকে তিনি বেঁচে যান।’ তাঁর সঙ্গে একই কক্ষে কর্মরত প্রধান অফিস সহকারী নজরুল ইসলাম বলেন, ‘কিছুক্ষণ পর পরই আমরা ছাদের দিকে তাকাই। মনে হয়, কখন যে ছাদটা মাথায় ভেঙে পড়ে।’জানা যায়, সাঁথিয়া ভূমি কার্যালয়ের এ ভবনটি নির্মিত হয় ১৯৯১ সালে। দ্বিতলবিশিষ্ট হওয়ার কথা থাকলেও একতলা নির্মাণের পরই এটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের কয়েক বছরের মধ্যেই বোঝা যায়, এটি নির্মিত হয়েছে অতি নিম্নমানের সামগ্রী দিয়ে। তা ছাড়া ভবনটির ওপর দ্বিতীয় তলা নির্মাণের আশায় জলছাদও রাখা হয়নি। ফলে সব মিলিয়ে এর ছাদ ও দেয়ালগুলোয় ফাটল দেখা দেয় এবং গত দুই-তিন বছর ধরে এ ভবনটি হয়ে উঠেছে মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) দিদারুল আলম বলেন, ‘বৃষ্টি শুরু হলে এ অফিসে কাজ করা বা বসে থাকার মতো অবস্থা থাকে না। তখন দৌড়ে ইউএনও স্যারের রুমে চলে যাই। ঝুঁকিপূর্ণ এ ভবনটির সংস্কারের জন্য এর ছবিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর বেশ কয়েকবার আবেদন করেছি।’ সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, ‘ভূমি কার্যালয়ে বসে কর্মকর্তা-কর্মচারীরা যেমন কাজ করেন, তেমনি সেখানে অনেক ব্যক্তি বিভিন্ন কাজের জন্য আসেন। ভবনটি সবার জন্যই অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এর সংস্কারের প্রয়োজন। সংস্কারের জন্য আমি ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গিয়ে তদবিরও করেছি।’