ছাদেও যাত্রী নিয়ে লঞ্চ ছেড়েছে
রাজধানীর সদরঘাট টার্মিনালে গতকাল শুক্রবার ছিল ঈদে ঘরমুখী মানুষের প্রচণ্ড ভিড়। দক্ষিণাঞ্চলগামী অনেক লঞ্চের ছাদেও যাত্রী বহন করা হয়েছে। অনেকে লঞ্চ না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করেন।নৌপথের যাত্রীরা সকাল থেকে সদরঘাট টার্মিনালে আসতে থাকেন। গুলিস্তান থেকে সদরঘাটমুখী বিভিন্ন সড়কে তীব্র যানজটের কারণে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। মাদারীপুর সদর উপজেলার মিরাজ হোসেন বলেন, অন্তত ঈদের সময়ে সদরঘাট এলাকার রাস্তার দুই পাশ থেকে হকার উচ্ছেদ করে যানজটমুক্ত করা দরকার।যানজট পেরিয়ে টার্মিনালে এসে অনেকে দেখেন লঞ্চ পূর্ণ হয়ে গেছে। যাত্রী ভরে যাওয়ায় কোনো কোনো লঞ্চ নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। লঞ্চগুলোর বেশ কয়েকটির ছাদেও ছিল অনেক যাত্রী। পটুয়াখালীগামী এমভি দীপরাজ-২ লঞ্চের যাত্রী আজিম মাতবর বলেন, ‘লঞ্চ ছাড়ার কথা সন্ধ্যা ছয়টায়। অথচ দুপুর সাড়ে ১২টায় এসে দেখি লঞ্চ যাত্রীতে পূর্ণ। বসার জায়গা নেই, তবুও লঞ্চ ছাড়ছে না।’বরগুনাগামী রেডসান লঞ্চের যাত্রী সেলিনা খাতুন অভিযোগ করেন, গত সপ্তাহে ১৭০ টাকা ভাড়ায় ঢাকায় এলেও এখন যাওয়ার সময় ডেকের ভাড়া চাইছে ২৩০ টাকা। তবে লঞ্চের কর্মচারী হেলাল মিয়া দাবি করেন, বেশি নয়, সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে।যাত্রী বেশি হওয়ায় এবং নির্ধারিত সময়ের আগেই কিছু লঞ্চ টার্মিনাল ছেড়ে যাওয়ায় একপর্যায়ে লঞ্চের সংকট দেখা দেয়। শত শত যাত্রী টার্মিনালে অপেক্ষায় থাকে। তাঁদের একজন পটুয়াখালীর যাত্রী শরীফ মৃধা জানান, বিকেল চারটার দিকে টার্মিনালে এসে দেখেন তাঁর গন্তব্যের লঞ্চ নেই। সন্ধ্যা পর্যন্ত তিনি টার্মিনালে অপেক্ষা করেন।অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার উপদেষ্টা ও এমভি টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, যাত্রীদের লঞ্চ না পাওয়ার অভিযোগ সঠিক নয়। কাল (আজ শনিবার) থেকে যাত্রীর ভিড় বাড়তে পারে।