মিষ্টিজাতীয় পণ্যের মূল উপকরণ দুধের ছানার বড় একটি অংশ আসে সিরাজগঞ্জ ও পাবনা থেকে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় এই দুই জেলা থেকে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ মণ ছানা সরবরাহ করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী, পোরজনা, বাওইখোলা, কায়েমপুর; উল্লাপাড়া উপজেলার মোহনপুর; পাবনার ফরিদপুর, সাঁথিয়া, চাটমোহর, বেড়া ও ভাঙ্গুড়া উপজেলায় রয়েছে এই ছানা তৈরির কারখানা। এসব কারখানায় ছানা তৈরি হয় ভেজাল উপকরণ মিশিয়ে। এসব ছানা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ছানায় ব্যবহূত ফরমালিনের ক্ষতিকর প্রভাবে কিডনি ও লিভার চিরতরে অকেজো হতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। ছানার কারখানায় এক দিন: সম্প্রতি এক সকালে পাবনার ফরিদপুরের ডেমরা এলাকার একটি ছানা তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, দুজন কর্মচারী হস্তচালিত মেশিনের মাধ্যমে দুধ থেকে ননি তুলছেন। চুলায় ড্রামে দুধ জ্বাল দিচ্ছেন একজন। আরেকজন জ্বাল দেওয়া দুধে বাসি ছানার পানি ঢেলে নেড়ে নেড়ে ছানা তৈরি করছেন। অন্য কর্মচারী পাশের পুকুর থেকে আনা নোংরা পানির মধ্যে রাখা ছানা এনে একটি ড্রামের মধ্যে রাখছেন। দুজন কর্মচারী ছানার সঙ্গে কিছু তরল পদার্থ ও ময়দা মেশাচ্ছেন। ছানা তোলার পর ঝটপট তা কয়েকটি বস্তায় ভরে ফেলা হলো। বস্তাগুলো রিকশা-ভ্যানে তুলে কারখানার বাইরে পাঠিয়ে দেওয়া হলো।ডেমরা বাসস্ট্যান্ডে অবস্থিত শাহজাদপুর ট্রাভেলসের আবু সাঈদ জানান, প্রতিদিন ৩০০ থেকে ৩৫০ মণ ছানা শাহজাদপুর ট্রাভেলসের মাধ্যমে পরিবহন করা হয়। শীত মৌসুমে ছানা সরবরাহের পরিমাণ বাড়ে। ভেজাল মেশানোর কারণ: নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ছানার কারিগর জানান, এক মণ দুধ থেকে তিন কেজি ননি হয়। এক মণ দুধ থেকে ননি তুললে বা না তুললেও আট কেজি ছানা হয়। এক মণ দুধের দাম এক হাজার ২০০ টাকা। প্রতি কেজি ননির দাম ২৫০ টাকা। ননিহীন প্রতি কেজি ছানার দাম ১২০ থেকে ১৩০ টাকা। ননিযুক্ত প্রতি কেজি ছানার দাম ১৭০ থেকে ১৮০ টাকা। ননিহীন ও ননিযুক্ত ছানা উভয়ই আলাদাভাবে বিক্রি হয়। ননি তোলার পর ছানায় অল্প খরচে ডালডা ও সয়াবিন মিশিয়ে ননিযুক্ত ছানা বলে বিক্রি করলে এই ভেজাল ছানায় অনেক বেশি লাভ হয়। এ জন্য ভেজাল ছানা উৎপাদনে কারখানার মালিকদের আগ্রহ বেশি।ছানার বস্তা যাচ্ছে যেভাবে: ছোট ছোট প্লাস্টিকের বস্তায় ভরা হয় ছানা। এসব বস্তা বাসের ছাদে তুলে বিভিন্ন জেলায় পাঠানো হয়। সম্প্রতি একটি বাসের ছাদে এভাবে ছানার বস্তা নিতে দেখা যায়। ঢাকার উদ্দেশে বাসটি রওনা হতেই একঝাঁক কাক এসে নামল ওই বাসের ছাদে। সেখানে কেউ না থাকায় নিশ্চিন্তে কাকগুলো ঠোকরাতে লাগল ছানার বস্তাগুলোর ওপর। ঢাকায় যেতে পাঁচ ঘণ্টার মতো লাগে বাসের। এই দীর্ঘ সময়ে ছানার বস্তাগুলোর ওপর শুধু কাকের হামলাই চলে না, রোদে থেকে গরমে ছানার গুণগত মানও নষ্ট হয়। ছানা সম্পর্কে অভিজ্ঞজনদের ভাষ্য, গরমের সময় ছানা তিন-চার ঘণ্টা পর্যন্ত ভালো থাকে। শীতকালে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত ছানা মানসম্মত থাকে।নাম প্রকাশ না করার শর্তে ডেমরা এলাকার কয়েকজন দুধ ব্যবসায়ী ও কারখানার কর্মচারী বলেন, কেবল এই এলাকার ১৩টি কারখানা থেকে প্রতিদিন কয়েক শ মণ ছানা, বিপুল পরিমাণ ঘি বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। এখন গরম পড়ছে বলে ছানার স্থায়িত্ব বাড়াতে ফরমালিন মেশানো হচ্ছে। ফরমালিন খোলাবাজারে বিক্রি করা নিষিদ্ধ হলেও মুদি দোকানগুলোতে গোপনে তা বিক্রি করা হচ্ছে।ডেমরা এলাকার রবি ঘোষের কারখানার ব্যবস্থাপক গোবিন্দ দাস বলেন, ‘আমাদের কারখানায় প্রতিদিন প্রায় ১০০ মণ দুধের ছানা তৈরি হয়। ছানা তৈরি করতে অনেক টকপানি লাগে বলে তিন-চার দিনের জমানো ছানার পানি ব্যবহার করতে হয়। অন্য কিছু ব্যবহার করলে ছানা তুলতে যেমন সময় বেশি লাগে, তেমনি উৎপাদনও কম হয়।’ ফরমালিন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এ ধরনের কাজ করি না। শুনেছি, এলাকায় অনেকেই করছে।’ একই এলাকার প্রধান দুই ব্যবসায়ী দুলাল ঘোষ ও মেজর ওরফে রবি ঘোষ দাবি করেন, সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় এখন আর ফরমালিন মেশানো হচ্ছে না।বিএসটিআইয়ের কথা: পণ্যের মান নিয়ন্ত্রণে সরকারি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দীন বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে ছানা তৈরি হচ্ছে। শীতাতপনিয়ন্ত্রিত কাভার্ড ভ্যানে ছানা সরবরাহ করা হচ্ছে না। আমরা মাঝেমধ্যেই অভিযান চালিয়ে থাকি। এরপর ভেজালের পরিমাণ কিছুটা কমলেও পুনরায় আবার চালু হয়।’ তিনি বলেন, ছানা তৈরির ক্ষেত্রে বাসি-পচা ছানার পানি ব্যবহার না করে সিরকা, লেবুর রস ব্যবহার করলে খরচ বেশি পড়ে বলে কেউ তা করে না। ছানায় ফরমালিন ব্যবহার করায় গুণগত মান কমছে।সিভিল সার্জনের বক্তব্য: সিরাজগঞ্জের সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার বলেন, ‘আমাদের ক্ষমতা সীমিত। এর আগে প্রশাসনের সহায়তায় আমাদের স্বাস্থ্য বিভাগের লোকজনের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে ২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রিপোর্টে সেগুলোতে ভেজাল প্রমাণিত হওয়ায় মামলা হলে তারা জরিমানা দিয়েই রেহাই পেয়ে যায়।’ তিনি বলেন, ছানায় ব্যবহূত ফরমালিন কিডনি ও লিভার চিরতরে নষ্ট করে ফেলে।