ছাপা পত্রিকার বাইরে
‘কি ভাই, পত্রিকা আপ করেন না কেন এখনো? প্রথম আলো না দেখে তো ঘুমাতে যেতে পারছি না।’ রাত আড়াইটার দিকে প্রথম আলোর ওয়েব বিভাগে ফোন করে এভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঢাকার এক পাঠক। অর্থাৎ কাল সকালের তরতাজা প্রথম আলোর খবর এখনই দেখার জন্য সবুর সইছিল না তাঁর। সকালের প্রথম আলোতে কী বেরোবে, তা রাতেই জেনে ঘুমাতে যেতে চান তিনি। এমন পাঠকের সংখ্যা আমাদের দেশে নিতান্ত কম নয়।প্রযুক্তির অগ্রগতি, শিক্ষার বিস্তার, সময়ের স্বল্পতা—সব মিলিয়ে অনলাইনে পত্রিকার পাঠকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। অনেকের মধ্যে এই ধারণা ছিল, হয়তো এখনো আছে যে প্রবাসীরাই শুধু দেশের খবর জানার জন্য অনলাইনে দেশের পত্রিকা পড়েন। কিন্তু গুগল অ্যানালেটিক্স বা অ্যালেক্সার দেওয়ার তথ্য সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। গুগল অ্যানালেটিক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী, অনলাইনে প্রথম আলোর নিয়মিত পাঠকসংখ্যা আট লাখের বেশি। এর অর্ধেক বা তারও বেশি কিন্তু আমাদের দেশেরই।একটি আধুনিকমনস্ক পত্রিকা পাঠককে উপহার দেওয়ার জন্য প্রথম আলো কর্তৃপক্ষ প্রকাশনার প্রথম দিন থেকেই এর অনলাইন (prothom-alo.com) সংস্করণ চালু করে। অনেকের হয়তো মনে আছে, প্রথমে এর পরিসর ছিল অত্যন্ত সীমিত। প্রথম ও শেষ পাতার গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়া হতো। ধীরে ধীরে বিষয় বেড়েছে। পাল্টেছে অঙ্গসৌষ্ঠব। সেই চলার ১২ বছরে পাঠকের চাহিদার কথা মনে রেখে নিরন্তর যোগ হয়েছে নতুন নতুন বিষয়। শুরুতে সব পত্রিকার অনলাইন সংস্করণ ছিল মূল পত্রিকার হুবহু প্রতিরূপ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সে ধারণা। অধিকাংশ পত্রিকার অনলাইন সংস্করণ পাঠককে তাৎক্ষণিকভাবে সর্বশেষ সংবাদ জানানোর দায়িত্ব নিজের ওপর তুলে নেয়। প্রথম আলোও এ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি, স্বেচ্ছায় তুলে নিয়েছে পাঠককে প্রতি মুহূর্তের খবর জানানোর দায়িত্ব।২০০৬ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সংবাদ বিভাগ চালু হয় প্রথম আলো অনলাইনে। কিন্তু স্বল্প পরিসরে শুধু তথ্যটুকু জেনে আর সন্তুষ্ট থাকতে চাননি পাঠকেরা। প্রথম আলোর কাছে তাঁদের দাবি বাড়তি কিছু। চাহিদা বা দাবি—যাই বলি না কেন—এ জায়গা থেকেই অনলাইনের নতুন যাত্রা শুরু। পাঠকের চাহিদা পূরণের জন্য ১৬ সেপ্টেম্বর, ২০০৯-এ আত্মপ্রকাশ করে প্রথম আলোর নতুন সাইট। একেবারে নতুন আঙ্গিকে। যোগ হয় নতুন নতুন বিভাগ, বাড়তি সুবিধা। কিন্তু অভ্যস্ত পাঠকের মধ্যে নতুন সাইট নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। আবার তাঁরাই দ্রুতই মানিয়ে নেন নতুনের সঙ্গে। এ মানিয়ে নেওয়ার প্রক্রিয়ায়ও পাঠকেরাই সাহায্য করেছেন। নতুন সাইট সম্পর্কে তাঁরা মতামত দিয়েছেন, সেই অনুযায়ী সাইটে বারবার পরিমার্জন করা হয়েছে। বলা যায়, পাঠক ও প্রথম আলোর মিথস্ক্রিয়ায় তৈরি হয়েছে আজকের অনলাইন।পাঠকই প্রথম আলোর প্রাণপ্রথম আলোর কাছে পাঠক সব সময় গুরুত্বপূর্ণ। তা ছাপা পত্রিকার হোক, কিংবা অনলাইন বা ই-পেপারের হোক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সত্য উদ্ঘাটনে নিরন্তন প্রয়াস, সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা—এসব কারণে শুরু থেকেই পাঠকেরা সব সময় বিভিন্ন বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কখনো চিঠি, কখনো ই-মেইল, আবার কখনো সরাসরি টেলিফোনের মাধ্যমে। সেসব প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়ে ওঠে প্রথম আলোর সুসমৃদ্ধ পাঠকগোষ্ঠীর ছবিটি, যাঁদের দেশের প্রতি মমত্ববোধ, বৈশ্বিক চেতনা, উদার অসাম্প্রদায়িক সমাজের আকাঙ্ক্ষা, জানার আগ্রহ প্রশ্নহীন। এই সমৃদ্ধ পাঠকগোষ্ঠীর মতামত তুলে ধরার তেমন কোনো জায়গা ছিল না। কারণ পত্রিকার স্থানস্বল্পতা। কিন্তু প্রযুক্তির কল্যাণে সেই সীমাবদ্ধতাকে অতিক্রম করার সুযোগ তৈরি হয়। অনলাইনে প্রথম আলোর সব সংবাদ/ফিচার/সম্পাদকীয়/উপসম্পাদকীয়র ওপর মতামত জানানোর সুযোগ আসে পাঠকের কাছে। তবে এ ব্যাপারে কঠোর নীতিমালা অনুসরণ করা হয়, যাতে কোনো মন্তব্য শালীনতার সীমা অতিক্রম বা আইন ভঙ্গ না করে। সবচেয়ে আনন্দের বিষয়, প্রথম আলোর পাঠকেরা নিজেরাই এতটা সচেতন যে অধিকাংশ সময় নীতিমালার কোনো কঠোর শর্ত প্রয়োগের প্রয়োজন হয় না।পাঠক হিসেবে কোনো বিষয়ে মতামত দিতে গেলে অবশ্যই তাঁকে নিবন্ধন করতে হয়। প্রথম আলোর এই নিবন্ধিত পাঠকের সংখ্যা এখন প্রায় ৫০ হাজার। প্রতিদিনই গড়ে তাঁদের ৪৫০-৫০০ মন্তব্য অনলাইনে প্রকাশিত হয়। যেকোনো বিষয়ে পাঠকের এই অংশগ্রহণ প্রথম আলোকে প্রতিদিনই সমৃদ্ধ করছে।পাঠকদের মধ্য থেকে এমন কথা প্রায়ই আসে যে তাঁরা যে বিভিন্ন বিষয়ে মতামত দেন সেটা কি ক্ষমতাসীনেরা বা সংশ্লিষ্ট ব্যক্তিরা আদৌ লক্ষ করেন, বিবেচনায় নেন? প্রথম আলোর প্রতিবেদকেরা, যাঁরা কি না ক্ষমতার অন্দরমহলে নিয়মিত ঘোরাঘুরি করেন, জানিয়েছেন যে অনেক মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা অনলাইন থেকে প্রিন্ট নিয়ে এসব মন্তব্য দেখেন। বিবেচনায়ও হয়তো তাঁরা নেন। প্রথম আলো পাঠকের এই মতামতকে গুরুত্ব দেয়। তাই জুরাইনে মা ও দুই সন্তানের আত্মহত্যা-সম্পর্কিত খবরে পাঠকের প্রতিক্রিয়া নিয়ে প্রকাশিত হয় ‘ফারজানাদের আশ্রয়ের জায়গা কমছে’ নামের বিশেষ প্রতিবেদন। নিয়মিত কলামলেখকেরা স্বীকৃতি দেন এ মতামতকে। সর্বশেষ জনাব শাহাদুজ্জামান তাঁর ‘বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত লেখার ব্যাপারে পাঠকের মতামত নিয়ে পরবর্তী লেখাটি লিখেছিলেন। এ থেকে স্পষ্ট যে পাঠকের মতামতকে প্রথম আলোর সাংবাদিক বা কলামলেখকেরা কতটা গুরুত্ব দেন। গুরুত্ব দেন, কারণ সে মতামত তথ্যে/মন্তব্যে/দিকনির্দেশনায় অত্যন্ত সুস্পষ্ট ও সমৃদ্ধ।পাঠকের দরবারে সম্পাদকসংবাদপত্রের সর্বোচ্চ পদ (সব ক্ষেত্রে অবশ্য নয়) সম্পাদক। তাঁর নির্দেশনা অনুযায়ী পত্রিকা পরিচালিত হয়। আর পাঠক হলো পত্রিকার শ্রেষ্ঠ সম্পদ। সেই পাঠকের কাছে সম্পাদক থেকে যান ধরাছোঁয়ার বাইরের কিছু হিসেবে। অনলাইন সেই দূরত্ব অনেকটাই কমিয়ে আনার সুযোগ তৈরি করে দিয়েছে। প্রথম আলো অনলাইনের নতুন সংস্করণ চালু হওয়ার পর থেকে সম্পাদক মতিউর রহমান পাঠকদের বিভিন্ন প্রশ্নের (বিতর্কিত হলেও) সরাসরি জবাব দেন। মাঝে কিছুদিন উত্তর দেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গটি তুলতেই স্বীকারোক্তির সুরে তিনি বলেছিলেন, ‘মহা অন্যায় হয়েছে, যেকোনোভাবে হোক নিয়মিত জবাব দিতে হবে।’ এখন তিনি নিয়মিতই জবাব দেন।যেসব কারণে এগিয়েপ্রথম আলো পত্রিকায় প্রতিদিন যে সংবাদ/ফিচার/সম্পাদকীয়/মতামত ছাপা হয়, তার সবই মেলে অনলাইনে। সঙ্গে আছে তাৎক্ষণিক খবর। কিন্তু তাৎক্ষণিকভাবে খবর দেওয়ার উত্তেজনায় সুসাংবাদিকতাকে কখনো বিসর্জন দেয় না প্রথম আলো। অতিসম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনার উল্লেখ করলে বিষয়টি স্পষ্ট হবে। তুরাগ নদে বাস পড়ে যাওয়া বা সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর বিভিন্ন সাইটে মৃতের সংখ্যা নিয়ে নানা ধরনের তথ্য প্রকাশিত হতে থাকে। কিন্তু প্রথম আলো একটি সংখ্যাও বাড়িয়ে লেখেনি। কারণ, নিশ্চিত না হয়ে প্রথম আলোর প্রতিবেদকেরা কোনো তথ্য দেন না।ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম দিককার একটি গল্প বলি। দুর্নীতিবিরোধী কার্যক্রম শুরু হয়েছে, দুদক সক্রিয়। একদিন সকালে একজন সিবিএ নেতার গ্রেপ্তারের কথা ছড়িয়ে পড়ল। বিভিন্ন ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমে ওই নেতার গ্রেপ্তারের কথা প্রচার করা হলো। কিন্তু প্রথম আলো ব্যর্থ হলো অনলাইনে ওই সংবাদটি দিতে। কারণ প্রথম আলোর প্রতিবেদক ঘটনার সত্যতা নিশ্চিত করেননি। পরের দিন প্রমাণ হলো প্রথম আলোই সঠিক। এর বেশ কিছু দিন পর ওই নেতা গ্রেপ্তার হন, যার সচিত্র বিবরণ সব সংবাদমাধ্যমে সে সময় প্রকাশিত হয়।তাৎক্ষণিক সংবাদের পাশাপাশি খেলা, বিনোদন জগতের তরতাজা খবর পৌঁছে যায় পাঠকের কাছে। পিছিয়ে নেই বাণিজ্য বিভাগও। দেশের শেয়ারবাজারের প্রতি মুহূর্তের খবর, কোন শেয়ারের দাম বাড়ছে, কোনটির কমছে তা প্রতি মুহূর্তে জানিয়ে দিতে বিশেষ ব্যবস্থা করা হয়েছে ঢাকা ও চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের সঙ্গে। ফলে বিশ্বের যেকোনো প্রান্তে বসে অন্যসব খবরের পাশাপাশি অনলাইনে শেয়ারবাজারের সর্বশেষ খবর জানতে পারছেন পাঠক। বিশ্ববিদ্যালয়ে ভর্তি/বিসিএস যেকোনো নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার আগে নিজের যোগ্যতা যাচাই করে নিতে পারেন অনলাইনে পড়াশোনা পাতায়।বিশ্বকাপের মতো বড় আয়োজনে পত্রিকার সঙ্গে পাল্লা দিচ্ছে অনলাইন। গত বিশ্বকাপ ফুটবলের সময় তরতাজা খবর জানানোর পাশাপাশি পাঠকদের জন্য ছিল অনলাইন কুইজ। বিজয়ীদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ল্যাপটপ ও মোবাইল ফোন। সর্বশেষ যোগ হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতি সংস্করণ। এই সংস্করণের মাধ্যমে প্রথম আলোর সংবাদ নিউজলেটার আকারে প্রতিদিন ই-মেইলে পৌঁছে যায় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে। প্রথম আলোর সাইট থেকে ডাউনলোড করে এমপি থ্রি প্লেয়ার/মোবাইল ফোন/কম্পিউটারে সব খবর শুনতে পারেন তাঁরা। এমন আরও অনেক আয়োজন পাঠকের জন্য আসছে। চোখ রাখুন প্রথম আলোর অনলাইনে।পাঠকদের কারণেই প্রথম আলো আজ বিশ্বের সবচেয়ে বেশি পঠিত বাংলা নিউজ পোর্টাল। পাঠক পরিমাপকের আন্তর্জাতিক সাইট অ্যালেক্সার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে প্রথম আলোর অবস্থান আট। এর আগে আছে গুগল, ফেসবুক, ইয়াহু, ব্লগার ডট কম, গুগল বিডি, ইউটিউব ও উইকিপিডিয়া। এর প্রত্যেকটির জনপ্রিয়তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এ হিসাবে ক্রিকইনফোর মতো জনপ্রিয় সাইটকেও পেছনে ফেলে দিয়েছে প্রথম আলো।কাগজে যেমন, ওয়েবে তেমনস্লোগানটা প্রথম আলোর পাঠকদের কাছে বেশ পরিচিত। প্রথম আলোর ছাপা পত্রিকাটাই অনলাইনে অবিকল পড়তে পারেন তাঁরা। প্রথম আলোর ই-পেপার (eprothom-alo.com) খুব অল্পদিনের মধ্যে জনপ্রিয়তায় এ দেশের বহুল প্রচারিত অনেক সাইটকে ছাড়িয়ে যায়। প্রায় সাড়ে তিন লাখ পাঠক প্রতিদিন ই-পেপার পড়ে থাকেন।কিছুদিন আগে অফিসপাড়া মতিঝিল থেকে প্রথম আলো কার্যালয়ে ফোন আসে একজন পাঠকের। কারিগরি সমস্যার কারণে ওই দিন ই-পেপার দেখা যাচ্ছিল না। ফোন ধরতেই ও প্রান্তে টেলিফোনকারীর প্রশ্ন, ‘আজ ই-প্রথম আলো দেখা যাচ্ছে না কেন? জানেন না, সকালে এটা না দেখলে আমার দিনটা ভালো যায় না।’ প্রথম আলো জানে। জানে বলেই, পাঠকের চাহিদা পূরণে সদা সচেষ্ট।মোবাইলে প্রথম আলো সংবাদপ্রথম আলোর একজন সহ-সম্পাদক ঢাকা থেকে বাসে বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ কোনো একটা খবর নিয়ে যাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হলো। প্রশ্ন, খবরটা ঠিক কি না? এর মধ্যে এক যাত্রী বলে উঠলেন ‘ট্রিপল টু ওয়ান (২২২১) শোনেন, খবরটা জানা যাবে।’ ওই কর্মীর ভাষায়, ‘গর্বে বুকটা ফুলে উঠল।’মোবাইল ফোনের মাধ্যমে সংবাদকে যে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়, এ দেশে তার অন্যতম পথিকৃৎ প্রথম আলো। ২০০০ সালে গ্রামীণফোনের সহযোগিতায় এই সংবাদসেবা চালু হয়। এবং তা দ্রুত জনপ্রিয়তা লাভ করে।সরকারের নির্দেশে একপর্যায়ে এই সেবা বন্ধ করে দিতে বাধ্য হয় প্রথম আলো। কিন্তু তা খুব বেশি দীর্ঘায়িত হয়নি। এরপর অনেকগুলো বছর কেটে গেছে। প্রথম আলো যুক্ত হয়েছে দেশের সব কটি মোবাইল ফোন কোম্পানির সঙ্গে। এখন আপনি যেকোনো সময় আপনার মোবাইল ফোন থেকে ২২২১ নম্বর ডায়াল করে শুনে নিতে পারেন সর্বশেষ সংবাদ। প্রতিদিনই কয়েক হাজার শ্রোতা প্রথম আলোর এই সংবাদ শোনেন। আপনিও হতে পারেন তাঁদের একজন।এ ছাড়া আছে বিভিন্ন ধরনের সংবাদ নিয়ে খুদে বার্তা সেল। সর্বশেষ সংবাদ, ব্রেকিং নিউজ, খেলার সংবাদ, ক্রিকেটের সংবাদ—বিভিন্নভাবে সংবাদ পৌঁছে যাচ্ছে আপনার কাছে। বিস্তারিত জানতে পারবেন প্রথম আলোর অনলাইনে।কর্মক্ষেত্রে প্রবেশদ্বারপ্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী তাঁদের পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের অপেক্ষায় থাকেন। সবাই হয়তো সব সময় যোগ্যতা অনুযায়ী কাজ পান না। তাঁদের সেই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে প্রথম আলো জবস (prothom-alojobs.com)। আবার বিপরীতটাও সত্য। নিয়োগকারীরাও যে সব সময় তাঁদের কাজের জন্য উপযুক্ত লোক খুঁজে পান, এমন নয়। এখানেই প্রথম আলো জবস চাকরি-প্রত্যাশী এবং চাকরিদাতার মধ্যে একটি মেলবন্ধন গড়ে তোলে। ২০০৫ সালে আত্মপ্রকাশের পর থেকে প্রথম আলো জবস দেশের বেসরকারি উদ্যোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি লোককে বেছে নিতে সাহায্য করেছে। তবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় দায়িত্ব। কর্মরত ও কর্মপ্রত্যাশীকে আরও দক্ষ জনশক্তিতে পরিণত করতে প্রথম আলো জবস নিয়মিত সুনির্দিষ্ট প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। আপনার জন্যও প্রথম আলো জবস হতে পারে প্রত্যাশিত কর্মক্ষেত্রে প্রবেশের আরেকটি পথ।মুক্ত আলোচকের চারণভূমিঅনলাইন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে বাংলা ভাষার ব্লগ। প্রায় ৫০ হাজার ব্লগার (যাঁরা ব্লগে লেখেন) বাংলা ভাষায় তাঁদের মতামত ব্লগে প্রকাশ করে থাকেন। প্রথম আলো ব্লগ (prothom-aloblog.com) শুরু থেকেই জনপ্রিয় সামাজিক অনলাইন মাধ্যম। বর্তমানে প্রায় ২০ হাজার ব্লগার আছেন এই ব্লগে। সমসাময়িক রাজনীতি-অর্থনীতি, সরকারি সিদ্ধান্তের বিষয়ে নাগরিক মতামত তৈরি ছাড়াও সাহিত্যচর্চা, চলচ্চিত্র সমালোচনাসহ নানা বিষয় উঠে আসে ব্লগে।প্রথম আলোর ব্লগারদের উদ্যোগে গঠিত হয়েছে ব্লগারস ফোরাম। নিমতলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে সাহায্য করেছেন ফোরামের সদস্যরা। ২০০৯-এর বইমেলায় প্রকাশিত হয়েছে ব্লগারদের যৌথ উপন্যাস। ভবিষ্যতেও এ ধরনের কাজ করার প্রস্তুতি চলছে। সব অর্থেই ভবিষ্যতে প্রথম আলো ব্লগ হয়ে উঠবে মুক্তচিন্তা আর খোলামেলা মতপ্রকাশের মুক্তমঞ্চ।শেষ কথাপ্রথম আলো চায় দেশের মানুষের পাশে থাকতে। চায় অবাধ তথ্যপ্রবাহ, মুক্তবুদ্ধির চর্চা, নতুন নতুন সৃজন, মেধা ও মননের সর্বোত্তম ব্যবহার, বোধ ও বোধির পূর্ণ প্রকাশ। সেই প্রয়াসকে এগিয়ে নিতেই প্রথম আলো পত্রিকা, প্রথম আলো অনলাইন, প্রথম আলো ব্লগ—সবকিছুই।