ছাপাখানার শিশুশ্রমিকেরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশের বইমেলায় চলছে হাজারো পাঠক—লেখকের মিলনমেলা। সারা বছর বই কেনা হলেও বইমেলায় এসে নিজের পছন্দের লেখকের বই কেনার জন্য পাঠকদের মধ্যে যেন আগ্রহের কমতি থাকে না। শুধু একুশের বইমেলা নয়, সারা বছর আমরা যেসব প্রকাশনার বই পড়ি, সেই বই প্রকাশ হওয়ার অন্তরালে যে ছোট ছোট শিশুর অক্লান্ত কঠোর পরিশ্রম মিশে আছে, তাদের সম্পর্কে আমরা অনেকে হয়তো জানি না।১০ বছর বয়সী নয়ন কাজ করে ফকিরাপুলে একটি ছাপাকারখানায়। সেখানে বই-খাতা বাঁধাইয়ের কাজ করে নয়ন। এক হাতে রসিদ বইয়ের পাতা ওল্টানো আর অন্য হাতে রসিদ বইয়ের পাতায় নম্বর দিতে ব্যস্ত নয়ন জানায়, ‘বছরের সব সময় বই বাঁধাইয়ের কাজ করতে হলেও ডিসেম্বর-মার্চ মাসে যেহেতু বই প্রকাশনা বেশি হয়ে থাকে, তাই বই বাঁধাইয়ের কাজের চাপটাও বেশি থাকে।’ বই বাঁধাইয়ের কাজের পাশাপাশি বাঁধাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কাজও করতে হয় তাকে। বইয়ের পাতায় নম্বর দেওয়া, মাঝেমধ্যে প্রেসের মেশিনে কাজ করা। তাই প্রতিদিন সকাল নয়টায় কাজ শুরু করে আর বাসায় যেতে যেতে রাত ১১টা থেকে ১২টা বেজে যায়। প্রতিদিন প্রায় ১৩ ঘণ্টা কাজ করতে হয় তাকে। যতক্ষণ কথা বলেছি, ততক্ষণ দুই হাতে রসিদ বইয়ে নম্বরের সিল দিয়ে যাচ্ছিল আর মাঝেমধ্যে কথা বলছিল নয়ন, ‘আমার বাপ কৃষক। চার ভাইবোনের সংসার। বোনদের বিয়ে হইয়্যা গ্যাছে। প্রায় পাঁচ-ছয় বছর হইছে সংসারের হাল ধরনের লাইগ্যা স্কুলে যাওয়া বন্ধ কইর‌্যা দিছি। কোনো ধরনের বেতন দেয় না আমারে কিন্তু প্যাটে-ভাতে তিন বেলা খাওন দেয়। পাঁচ-ছয় মাস হইছে এখানে কাজ করতে আইছি। সব সময় কামের চাপ বেশি না থাকলেও ডিসেম্বর-জানুয়ারি মাসে কাজের চাপ থাকে বেশি। বইমেলার লাইগ্যা দিন-রাত বেশি খাডন লাগে।’ সপ্তাহের বা উৎসবের যেকোনো ছুটিতে খুব বেশি ছুটি দেওয়া হয় না তাকে। আর একটু ভুল করলে খেতে হয় মালিকের বকাঝকা, মার। তার পরও শুধু পেটের দায়ে নিরলস কাজ করে যাচ্ছে নয়ন। অন্তত একজনের হলেও খাবার খরচ কম লাগছে, এর জন্যই তার এ নিরলস পরিশ্রম।তিন ভাইবোনের সংসারে রহিম (১৫) সবার বড়। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বাবা মারা গেছেন। সংসারের হাল ধরার জন্য প্রথমে পাশের দোকানে প্রিন্টিংয়ের কাজ করত। দিনে ১৩ ঘণ্টা কাজ করতে হয় রহিমকেও। মাঝেমধ্যে কাজে ভুল করার জন্য মার খেতে হয়। সেগুলো সহ্য করেই কাজ করে যায় রহিম। ছয় মাস হয়েছে বই বাঁধাইয়ের কাজ করছে সে। তাকে মাসে এক হাজার টাকা বেতন দেওয়া হয়। এই বেতনে সে চলে আবার কিছু টাকা মাকেও দেয় সংসারের কাজের জন্য।ছাপাখানায় কর্মরত কিশোর সুজন (১৬) বলে, ‘বড় হইয়্যা অনেক বড় প্রেসের দোকান দিমু, এই স্বপ্ন দেহি সব সময়। কহন যে কাম শুরু করি আর শেষ করি, খেয়াল কইর‌্যা দেহা হয় না। দোকানেই থাকি, ঘুমাই। একবার প্রেস মেশিনে কাম করতে গিয়া হাতে ব্যথা পাইছি অনেক। ব্যথায় জ্বর আসছিল, তখন ছুটি নিয়া কয় দিন দ্যাশে ছিলাম। মালিক আমার বেতন থাইক্যা টাকা কাইট্যা রাখছে।’ তিন ভাই, দুই বোনের মধ্যে সুজন ছোট। পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে। বাবা ট্রাকের হেলপারি করেন। প্রেস মেশিনে কাজ করার পাশাপাশি বই বাঁধাইয়ের কাজ করে সে। ২৪ ঘণ্টাই সুজন থাকে এই দোকানে আর কাজ করে যায়। মাস শেষে বেতন পায় এক হাজার ২০০ টাকা।ছাপাখানায় ছোট ছোট শিশুরা কাজ করে যাচ্ছে দিনরাত। কেউ হয়তো পেটের তাগিদে, কেউ নিজের সংসারের খরচ চালানোর জন্য। কিন্তু তকতকে, ঝকঝকে নতুন বইটির পেছনে শিশুশ্রমিকদের যে অন্তহীন পরিশ্রম, তাদের জন্য আদৌ কী কিছু করার নেই?আইনে যা বলা আছেবাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর তৃতীয় অধ্যায়ের শিশু কিংবা কিশোর শ্রমিক নিয়োগের ক্ষেত্রে ধারা ৩৪ অনুযায়ী, কোনো পেশায় বা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ করা যাবে না বা কাজ করতে দেওয়া যাবে না।শিশুসংক্রান্ত কোনো চুক্তির ব্যাপারে কিছু বাধা-নিষেধ আছে এ আইনের ৩৫ ধারায়। ৩৫ ধারার বিধান অনুযায়ী কোনো শিশুর মা-বাবা বা অভিভাবক শিশুকে কোনো কাজে নিয়োগের অনুমতি দিলেও কারও সঙ্গে কোনো চুক্তি করতে পারবেন না (এই ধারায় অভিভাবক বলতে কোনো শিশুর আইনগত হেফাজতকারী বা শিশুর ওপর কর্তৃত্ব আছে এমন যেকোনো ব্যক্তিকেও বোঝাবে)। এ আইনে শিশুর বয়স সম্পর্কে বিরোধ থাকলে সক্ষমতা প্রত্যয়নপত্র দিতে হবে। এই আইনের ৩৯ ধারা অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি চালু অবস্থায় থাকলে তা পরিষ্কার করা, তাতে তেল প্রদান করা বা সুবিন্যস্ত করার জন্য বা ওই চালু যন্ত্রপাতির ঘূর্ণমান অংশগুলোর মাঝখানে অথবা স্থির এবং ঘূর্ণমান অংশগুলোর মাঝখানে কোনো কিশোরকে কাজ করার অনুমতি দেওয়া যাবে না। বিপজ্জনক যন্ত্রপাতির কাজে কোনো শিশুকে নিয়োগ দেওয়া যাবে না। এই আইনের ৪১ (১) ধারা অনুযায়ী, কোনো কিশোরকে কোনো প্রতিষ্ঠানে সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটার মধ্যে কাজ করতে দেওয়া যাবে না। একই দিনে কোনো শিশু একাধিক প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। আবার ১২ বছরের শিশুকে এমন কোনো কাজে নিয়োগ করা যাবে না, যা তার স্বাস্থ্য ও উন্নতির জন্য বিপজ্জনক হয় অথবা যা তার লেখাপড়া বিঘ্নিত করে। শর্ত হচ্ছে ওই শিশু যদি বিদ্যালয়ে যায় তাহলে তার কর্মসময় এমনভাবে নির্ধারণ করতে হবে, যেন তার বিদ্যালয়ে যাওয়া বাধাগ্রস্ত না হয়।