ছাল তুলে লবণ মরলে কর্তন
কক্সবাজারের চকরিয়া উপজেলার মেধাকচ্চপিয়া জাতীয় উদ্যানের শতবর্ষী গর্জনগাছ নিধন চলছে। গাছ কাটার আগে গোড়ার বাকল তুলে সেখানে দেওয়া হয় লবণপানি ও তুঁতে। এতে মাস দেড়েকের মধ্যে গাছটি মারা যায়। মরা গাছটির ডালপালা কেটে ফেলার পর সুযোগ বুঝে তা পাচার করা হয়।এলাকাবাসীর ভাষ্যমতে, গত এক বছরে দুর্বৃত্তরা এভাবে কয়েক শ গাছ চুরি করে নিয়ে গেছে। আর গত দুই মাসে গাছ নিধন ও পাচারের অভিযোগে পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে, বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী এই গাছ চুরির সঙ্গে জড়িত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আল আমিন প্রথম আলোকে বলেন, ‘গোড়ায় লবণপানি ও তুঁতে মিশিয়ে দেওয়া হলে বিষক্রিয়ায় গাছটি দ্রুত মরে যায়। এরপর গাছটি শুকিয়ে হালকা হয়ে যায়। হয়তো কাঠচোরেরা বিশাল গাছগুলা বহনের সুবিধার্থে এ কাজটি করছে।’গত ২৫ মার্চ সকালে কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্চপিয়ার উদ্যান ঘুরে দেখা গেছে, অন্তত ৫০টি বিশাল গর্জনগাছের গোড়ার বাকল ও ডালপালা কাটা। শতাধিক মরা গাছও দেখা গেছে। স্থানীয় বাসিন্দা আতিকুল ইসলাম ও শামসুল আলম জানান, মরা গাছগুলো সুযোগ বুঝে চোরেরা কেটে নিয়ে যায়। তবে মাস দেড়েকের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হওয়ায় চুরি আগের তুলনায় কিছুটা কমেছে।এ ব্যাপারে মেধাকচ্চপিয়া বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমি এখানকার দায়িত্ব পাওয়ার পর থেকে গাছ কাটাকাটি বন্ধ রয়েছে।’ বর্তমানে কয়েকটি গাছের গোড়া কাটার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সেগুলো আগের বলে দাবি করেন। তিনি দুই বছর ধরে এই বিটের দায়িত্ব পালনকালে কেবল এক কাঠচোরকে হাতেনাতে আটক করেছেন বলে নিশ্চিত করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় আবদুস সোবহান, নুরুল আবছার, ফরিদুল আলম, আবদুল মালেক, নুরুল আলম, জসিম উদ্দিন, মোস্তাফিজ, সাহাব উদ্দিন, মিন্টুর বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সময় তাঁদের বিরুদ্ধে বন আইনে একাধিক মামলাও করেছে।এলাকাবাসীর অভিযোগ, কাঠচোরদের বেশির ভাগই বন জায়গিরদার। তাঁরা বন বিভাগের জমিও ভোগ করছেন, গাছও পাচার করছেন। উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার কামাল চৌধুরী অভিযোগ করেন, বন বিভাগের লোকজনের সহযোগিতা ছাড়া গাছ চুরি সম্ভব নয়। বিশাল একটি গাছ কেটে পাচারের জন্য অনেক সময় দরকার। এ সময় বন বিভাগ ইচ্ছে করলে কাটা গাছ উদ্ধার করতে পারে।কাঠ পাচার ও চুরির অভিযোগ অস্বীকার করে আবদুল মালেক ও জসিম উদ্দিন বলেন, তাঁরা পুলিশের সোর্স হিসেবে কাজ করেন। এতে কেউ ক্ষুব্ধ হয়ে তাঁদের কাঠচোর বানাতে চাইছে।ফুলছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম গাছ চুরিতে বন বিভাগের লোকজন জড়িত নয় দাবি করে প্রথম আলোকে বলেন, ‘আমি নিজেও প্রতি রাতে বাগানে টহলে যাই, এতে কেউ চুরিতে জড়িত থাকার সুযোগ নেই।’গাছ চুরির বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, গত এক মাসে গাছ চুরির অভিযোগে পুলিশ মোহাম্মদ কালু ওরফে কালাইয়া, নুরুল আবছার, মোহাম্মদ বাবুল, মঞ্জুর আলম, রহমত আলী, বেলাল উদ্দিন, আকতার আহমদ, নাসির উদ্দিন, মোহাম্মদ আবছার, জসিম উদ্দিন, ফরিদুল আলম ও বজল আহমদকে গ্রেপ্তার করেছে।এ প্রসঙ্গে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাসুদ রানা মাঝেমধ্যে গাছ চুরি হচ্ছে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গাছচোরের সংঘবদ্ধ দল রয়েছে। এদের ধরার ব্যাপারে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা নেওয়া হবে।’ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ২০০৫ সালে মেধাকচ্চপিয়া বিটের প্রায় ৯৭৮ একর আয়তনের শতবর্ষী গর্জন বাগানটি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জাতীয় উদ্যান’ হিসেবে ঘোষণা করা হয়। ২০০১ সালের তথ্য অনুযায়ী, এ বাগানে শতবর্ষী গর্জনগাছের সংখ্যা ১০ হাজার ৩৩৭টি। তবে বর্তমানে কী পরিমাণ গাছ রয়েছে, তার সুনির্দিষ্ট হিসাব নেই।