পরিবেশ অধিদপ্তর ও বিস্ফোরক পরিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটতে গিয়ে জিরি সুবেদার স্টিল রি-রোলিং নামের শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা ঘটেছে। পরিবেশ অধিদপ্তর এ কথা জানিয়েছে।গত রোববার সন্ধ্যায় এ ইয়ার্ডে জাহাজ কাটার সময় গ্যাস নির্গমনে চার শ্রমিক নিহত ও পাঁচজন আহত হন।পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার প্রতিষ্ঠানটিকে ২৫ লাখ টাকা জরিমানা করে। স্থানীয় থানায় মামলাও হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে শিল্পমন্ত্রীর কাছে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জাহাজভাঙা-শিল্প নীতিমালা অনুযায়ী, জাহাজ ইয়ার্ডে ভেড়ানোর পর তা কাটার জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। কিন্তু সুবেদার স্টিল রি-রোলিং তা নেয়নি। এ ছাড়া আদালতের নির্দেশনা অনুযায়ী, জাহাজ কাটার সময় পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থাও শ্রমিকেরা নেননি।এর দুই দিন আগে আর কে স্টিল নামের শিপইয়ার্ডের দুর্ঘটনাটিও পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ার কারণে ঘটেছে বলে পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়। ওই দুর্ঘটনায় একজন নিহত হন। ইয়ার্ডগুলোর পরিবেশগত ছাড়পত্র থাকলেও নীতিমালা ও নির্দেশনা না মানার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এ প্রসঙ্গে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সঠিক মান ও আদালতের নির্দেশনা অনুসরণ না করেই ইয়ার্ডগুলোকে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র দিচ্ছে। ফলে দুর্ঘটনা ঘটেই চলছে। এ দুটি ইয়ার্ডের ছাড়পত্র রয়েছে। কিন্তু তারা নির্দেশনা ও নীতিমালা মানছে কি না, সেটা দেখা হচ্ছে না। সরকারি প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় এ অনিয়ম চলছে।’পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘আমাদের কাটিং (ভাঙার) ছাড়পত্র না নিয়েই জাহাজটিতে তারা কাজ করতে যায়। কোনোরকম নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই তারা কার্বন ডাই-অক্সাইডের কিছু সিলিন্ডার থেকে গ্যাস বের করে দিতে গিয়েছিল। তখন দুর্ঘটনাটি ঘটে। আমাদের ও বিস্ফোরক পরিদপ্তরের ছাড়পত্র ছাড়া জাহাজে হাত দেওয়া তাদের কোনোভাবেই উচিত হয়নি।’জানা গেছে, জিরি সুবেদার ইয়ার্ডে ১৩ অক্টোবর এমভি ভাত্রা বুম নামের পুরোনো জাহাজটি আনা হয়। জাহাজটি ইয়ার্ডে বিচিং (ভেড়ানোর) ছাড়পত্র নেওয়া হলেও এখন পর্যন্ত এটি ভাঙার ছাড়পত্রের জন্য ইয়ার্ড কর্তৃপক্ষ আবেদন করেনি। বিস্ফোরক পরিদপ্তরও এখন পর্যন্ত জাহাজটি কাটার কোনো ছাড়পত্র দেয়নি। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাহাজটির একটি কক্ষে কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ৬১টি সিলিন্ডার ছিল। অগ্নিনির্বাপণসহ বিভিন্ন কাজে এগুলো ব্যবহার করা হয়। রোববার বিস্ফোরক পরিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন জাহাজটি পরিদর্শন করেন। তিনি ইয়ার্ড ত্যাগ করার পর সিলিন্ডারগুলো থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাস বের করার চেষ্টা করছিলেন হতাহত শ্রমিকেরা। এ সময় পাইপ ছিদ্র হয়ে পুরো কক্ষটিতে গ্যাস ছড়িয়ে পড়ে।এ কাজ করার সময় শ্রমিকদের কোনো নিরাপত্তামূলক মাস্ক এবং অন্যান্য সরঞ্জাম ছিল না বলে জানান পরিবেশ অধিদপ্তরের পরিচালক। ১৪ অক্টোবর ফৌজদারহাট এলাকায় আর কে স্টিল নামের ইয়ার্ডে দুর্ঘটনাটিও নিরাপত্তামূলক সরঞ্জামের অভাবে ঘটেছে বলে পরিবেশ অধিদপ্তরের তদন্তে বের হয়ে এসেছে। ওই ইয়ার্ডে ভিক্টরি-২ নামের একটি জাহাজ কাটা হচ্ছিল। ছাড়পত্র নিয়েই জাহাজটি কাটা হচ্ছিল। কিন্তু ওই দিন দুই কর্মকর্তা ও শ্রমিক জাহাজের ইঞ্জিনকক্ষে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই ঢুকে পড়েন। কক্ষটি আগে থেকে বিষাক্ত গ্যাসে পূর্ণ থাকায় তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে একজন মারা যান।এ প্রসঙ্গে ইয়ার্ড পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল আশ্রাব বলেন, ‘দুটি দুর্ঘটনাই ঘটেছে নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ার কারণে। অথচ হাইকোর্টের নির্দেশনা ও খসড়া নীতিমালায় রয়েছে, নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে হবে।’এ প্রসঙ্গে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হেফাজেতুর রহমান বলেন, ‘নীতিমালা ও নির্দেশনা মানার জন্য প্রতিটি ইয়ার্ডকে আমরা বারবার চিঠি দিচ্ছি। নিরাপত্তাসরঞ্জাম ব্যবহারের জন্যও বলে আসছি। এখন তারা না মানলে আমরা কী করব! দু-একটি ইয়ার্ডের ঘটনার জন্য আমাদের সবাইকে বিপদে পড়তে হয়।’জরিমানা: দুর্ঘটনায় হতাহতের ঘটনায় জিরি সুবেদার স্টিল রি-রোলিং মিলসকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনা করায় ইয়ার্ডের ছাড়পত্র বাতিলের জন্য সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরিদর্শন শেষে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম এ শাস্তি দেন। এ ছাড়া সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গতকাল একটি মামলা করেন। এতে ইয়ার্ডের মালিকসহ চারজনকে আসামি করা হয়।