ছাড়পত্র না দেওয়ায় গোলাম আযমকে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র না দেওয়ায় গোলাম আযমকে কারাগারে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি করা কয়েদিকে হাসপাতালের ছাড়পত্র ছাড়া কারাগারে নিয়ে আসার এখতিয়ার আইজি প্রিজনের নেই। আবার হাসপাতাল ছাড়পত্র দিয়ে দিলে সেই কয়েদিকে হাসপাতালে রাখার কোনো এখতিয়ারও কারা কর্তৃপক্ষের নেই।’কারা তত্ত্বাবধায়ক আলতাফ হোসাইন একজন কয়েদিকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করে বলেন, হাসপাতালে চিকিত্সাধীন বন্দীর একটি চিকিত্সা-নথি থাকে। সেই চিকিত্সা-নথিতে ছাড়পত্র পৌঁছে গেলে তত্ক্ষণাত্ বন্দীকে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়।আজ সোমবার দুপুরে পুরান ঢাকায় অবস্থিত কারা সদর দপ্তরে আইজি প্রিজনের কক্ষে এক সংবাদ সম্মেলন করে এসব কথা বলা হয়।সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে গোলাম আযমকে হাসপাতাল ছেড়ে দিয়েছে কিন্তু কারা কর্তৃপক্ষ তাঁকে ফিরিয়ে আনছে না—এমন খবর প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।