ছাড়পত্র পেল ‘ঘেটুপুত্র কমলা’
কোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে হুমায়ূন আহমেদের নতুন ছবি ঘেটুপুত্র কমলা। জানা গেছে, গত মঙ্গলবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার যে প্রশ্নটা সামনে চলে আসে, তা হলো, ছবিটি মুক্তি পাচ্ছে কবে? এ ব্যাপারে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেন, ‘এখন আমরা লালটিপ ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। এরপর রয়েছে দেবদাস। আশা করছি, আগামী মার্চ মাসে হুমায়ূন আহমেদ স্যার দেশে ফিরবেন। তখন আমরা একসঙ্গে আলোচনা করে ঘেটুপুত্র কমলা মুক্তি দেওয়ার তারিখ চূড়ান্ত করব।’ঘেটুপুত্র কমলা ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ, তমালিকা কর্মকার, জুয়েল রানা, প্রাপ্তি, প্রান্তি, পুতুল, কুদ্দুস বয়াতি, ইসলামউদ্দিন পালাকার, আগুন, আবদুল্লাহ রানা প্রমুখ। ঘেটুপুত্র কমলার চরিত্রে অভিনয় করেছেন মামুন।ছবিটির শুটিংসহ আনুষঙ্গিক কাজ শেষ করার পর অসুস্থ হয়ে পড়েন হুমায়ূন আহমেদ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। ছবিটির প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা জানান, ছাড়পত্র পাওয়ার বিষয়টি এরই মধ্যে হুমায়ূন আহমেদকে জানানো হয়েছে।