ছায়ানটের প্রাণশক্তি
বাংলাদেশ মতান্তর আর বিভেদের দেশ। সামাজিক-রাজনৈতিক কারণে মধ্যবিত্ত সমাজে এ বিভক্তি আরও গভীর ও বিস্তীর্ণ। কিন্তু ঘোরতর মতভেদে বিভক্ত বিচিত্র মানুষকে বছরের পর বছর ধরে নববর্ষের শুরুর দিনটিতে আশ্চর্য জাদুবলে মিলন-সমাবেশে একত্র করে আসছে ছায়ানট।ছোট ছোট কিছু গোষ্ঠীর কাছে ছায়ানট অবশ্য চক্ষুশূল। এরা সেই ক্ষুদ্র গোষ্ঠী বাঙালির চিরন্তন সপ্রাণতাকে ভয় পায়। অজস্র মানুষের ভালোবাসার ছায়ানটকে তাই নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ২০০১ সালে ছায়ানটের অনুষ্ঠানে বোমা বিস্ফোরিত হলো। অনুষ্ঠানে গান ও কবিতা আবৃত্তির পরিবেশন যখন মাঝামাঝি পৌঁছেছে, এমন সময় হঠাৎ আলোর ঝলক। তারপর কান-ফাটানো কয়েকটি আওয়াজ। গোয়েন্দাদের তাত্ক্ষণিক মত ছিল, হামলাকারীরা ভিড়ের কারণে মঞ্চের কাছে যেতে পারেনি, দূর থেকে বোমা ছুড়েছে। নিজেদের কাছে রাখা বোমা ফেটে তাদেরও কয়েকজন মারা গেছে। আঁতকে ওঠার বিষয়। মঞ্চের প্রথম দুই সারিতে শতাধিক শিশু-কিশোর গান গাওয়ার জন্য বসেছিল। হামলাকারীরা সফল হলে কী মর্মান্তিক ঘটনা ঘটত!কয়েক মাস পরে স্পেশাল ব্রাঞ্চের সদর দপ্তরে আমাদের এক ধর্মীয় জঙ্গি নেতার ভিডিও জবানবন্দি দেখানো হয়। তারা ধানমন্ডির একটি মসজিদে সভা করে ধর্মবিরোধী কার্যকলাপের জন্য ছায়ানটের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের পরিকল্পনা নিয়েছিল। রিমোট কন্ট্রোল বা আধুনিক প্রযুক্তি না থাকায় তারা সফল হয়নি। ধর্মের নামে কত বড় অধর্মের কাজে তারা লিপ্ত হয়েছিল। ধর্মপরায়ণ সাধারণ মানুষের সঙ্গে এদের কি আদৌ কোনো যোগ আছে? নেই যে তারও অভিজ্ঞতা আমাদের হয়েছে। একবার পবিত্র শবেবরাতের রাতের পরদিন প্রভাতে ছায়ানটের পয়লা বৈশাখ উদ্যাপিত হয়। লক্ষ করেছি, সারা রাত ইবাদত-বন্দেগির পর টুপিপরা শত শত তরুণ অনুষ্ঠান শুরুর অনেক আগেই সামনের কার্পেটে আসন নিয়েছে। পরে নিবিষ্ট মনে গান শুনেছে। বাঙালি তার ধার্মিকতা অক্ষুণ্ন রেখেই জাতিপরিচয় সন্ধান করে নিয়েছে। এ দেশের স্বাধীনতা তারই ফল।যাহোক, বোমা বিস্ফোরণের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিবৃতি দেয় ও সভা-সমাবেশ করে। ছায়ানট মুক্তিযুদ্ধ জাদুঘরে কেবল একটি প্রতিনিধিত্বমূলক সভা করেছিল। সভায় ছায়ানট তার বক্তব্য দেওয়ার পর করণীয় বিষয়ে সবার পরামর্শ চায়। বোমা বিস্ফোরণের ঠিক পরপর শেখ হাসিনার সঙ্গে আমাদের টেলিফোনে আলাপ হয়। বিকেলে তাঁর সঙ্গে সাক্ষাতে ছায়ানট জানায়, তারা একটি নিরপেক্ষ তদন্ত আশা করছে। কে বোমা নিক্ষেপ করেছে, সেটি স্থির হবে তদন্তে। যদিও কারা এই অমানবিক কাজে ইন্ধন জোগাতে পারে, সে বিষয়ে ছায়ানট সজাগ। দেশে একটি ক্ষুদ্র উগ্রবাদী গোষ্ঠী আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত। তাদের কাছে বাঙালি সংস্কৃতির চর্চা গ্রহণযোগ্য নয়। তারা মনে করে, ছায়ানট মিটিং-মিছিল করে না, কিন্তু জনগণ হূদয়ের গভীরে স্বাধীনতার ভাবাদর্শকে লালন করে। সংগীত, নৃত্য, কবিতা পাঠ তথা সংস্কৃতির সব মাধ্যমে ছায়ানট এই কর্তব্য পালন করে চলেছে।পরের বছর ২০০২ সালে নববর্ষ উদ্যাপন নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। ২০০২ সাল থেকে চৈত্র মাসের শেষ সপ্তাহে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছায়ানটের নিয়মিত বৈঠক হয়। মঞ্চ ও দর্শকদের নিরাপত্তার জন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা বলয়ে বসে গান গাইতে শিল্পীরা অবশ্য অস্ব্বস্তিতে ভোগেন। ছায়ানটের শিশু-কিশোর ও ছাত্রছাত্রীরা এ বছর আমাদের অবাক করে দেন। পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজনের সময় অভিভাবকদের মধ্যে স্বাভাবিকভাবেই শিশুসন্তানদের নিয়ে দ্বিধার শেষ নেই। কিন্তু বেপরোয়া শিশু-কিশোরদের ভাবান্তরহীন। শিক্ষকদের কাছে গিয়ে তারা বলে, মা-বাবাকে যেন বুঝিয়ে বলে তাদের গান গাইতে দিতে। ভয়ভীতি বিধিনিষেধ সত্ত্বেও পরবর্তী বছরগুলোয় দর্শকসংখ্যা বেড়েছে। যারা ভয় দেখিয়ে অনুষ্ঠানে আসা থেকে সবাইকে নিবৃত করার চেষ্ট করেছিল, তারা সফল হয়নি। মানুষের মনের মধ্যে যে অনুষ্ঠানের ঠাঁই হয়েছে, তাকে নিবৃত্ত করা সহজ নয়।ছায়ানট বেড়ে উঠেছে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে। ১৯৬১ সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী অনুষ্ঠান সূত্রে ছায়ানটের জন্ম। ১৯৬৩ সালে ঘটে এই সংগীত বিদ্যায়তনের দ্বারোদ্ঘাটন। ১৯৬৭ সাল থেকে মুক্তিযুদ্ধের বছরটি বাদ দিয়ে প্রতিবছর রমনার বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠান হয়েছে। প্রথম কয়েক বছর বটমূলে ইট বাঁধানো মঞ্চ থেকে গান পরিবেশিত হতো। এর শিল্পী ও দর্শকের সংখ্যা দিনে দিনে বেড়েছে। স্বাধীনতার পর থেকে কয়েক স্তরের মঞ্চ তৈরি করতে হয়। গোড়ার দিকে, ছায়ানটের আমাদের মতো অশিল্পীরা অনুষ্ঠান শুরু হলে দর্শকদের সঙ্গে মিশে যেতাম। লক্ষ করেছি, সামনে বসে থাকা শ্রোতারা ছাড়া অল্প দর্শকই মনোযোগের সঙ্গে সংগীত বোঝার চেষ্টা করে। আসলে ছায়ানট সংগীতের আবহ সৃষ্টি করে, আর সবাই মহামিলনে মিলিত হয়। প্রতিবছর লক্ষ করছি, অনুষ্ঠানের পর এলাকা থেকে ফিরে আসা বেশ কঠিন হয়। হাজার হাজার মানুষ উৎসবের আমেজে সপরিবারে মঞ্চের দিকে আসতে থাকে, অনেকের কাঁধে শিশুসন্তান। প্রভাতে আসা সম্ভব হয়নি, নিরাপত্তা বলয়ের জন্য মঞ্চের কাছে পৌঁছানো কঠিন হয়েছে, অথচ উৎসবের কেন্দ্রীয় স্থানটি সবান্ধব সপরিবারে একবার দেখা দরকার।১৯৬৭ সালে ছায়ানট পয়লা বৈশাখ উদ্যাপন শুরু করল। এর সঙ্গে সঙ্গে মেতে উঠল সারা দেশ। বাঙালির বিভক্তির কথা আগেই বলেছি। এখানে মতান্তর দ্রুত হয়ে ওঠে মনান্তর। বিচিত্র বিরোধের এই পটভূমিতে পয়লা বৈশাখ এই বিভাজনের রেখা অনেকটাই অতিক্রম করে গেছে। আর তার সঙ্গে সঙ্গে ছায়ানটও। রমনার বটমূলে অনুষ্ঠানের অনুমোদনের জন্য সামরিক শাসকদের আমলে তরুণ সামরিক বা পুলিশ কর্মকর্তাদের কাছে ধরনা দিতে হয়েছে। রাজনৈতিক সরকারের সময়ও অনুমতির জন্য যেতে হয় গণপূর্ত মন্ত্রণালয়ে। লক্ষ করেছি, মতান্তর থাকলেও তাদের সবার কাছে ছায়ানট মর্যাদা অপরিসীম। পয়লা বৈশাখের সঙ্গে ছায়ানট একাকার হয়ে উঠেছে। সবার কাছে শুনতে পাই একই কথা, ‘পরিবার নিয়ে বহুবার ছায়ানটের অনুষ্ঠানে গিয়েছি। আজকাল ভিড়ের জন্য টেলিভিশনের সামনে বসে থাকি।’ অথচ ছায়ানট তো একেবারে নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়। বরং সংস্কৃতি সম্পর্কে এর অবস্থান খুবই নীতিনিষ্ঠ ও স্পষ্ট। যে ভাবাদর্শ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রূপ পেয়েছে, জন্ম্নলগ্ন থেকে ছায়ানট সংস্কৃতি ক্ষেত্রে জনমনে সেই মূল্য প্রতিষ্ঠার সাধনাই করে চলেছে। আমার ধারণা, ছায়ানটের গ্রহণযোগ্যতার প্রধান কারণ হচ্ছে, ছায়ানট ও পয়লা বৈশাখ বাঙালি সত্তার সঙ্গে মিশে রয়েছে। পয়লা বৈশাখ এখন দেশজুড়ে বাঙালির জাতীয় উৎসব, বাঙালির একমাত্র অসাম্প্র্রদায়িক উৎসব। প্রতিটি শহরে এক বা একাধিক মূল অনুষ্ঠানের পাশাপাশি প্রায় সব প্রতিষ্ঠান, সংগঠন, সমিতি ও ক্লাবে এ আয়োজন চলে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নতুন ডিজাইনের পসরা নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। সকল স্তরের মানুষ একবেলা উন্নত খাওয়ার ব্যবস্থা করে। বাংলা নববর্ষ উদ্যাপন কেবল ইংরেজি নববর্ষ পালনের বাংলাকরণ, ভ্যালেন্টাইন ডের মতো বাণিজ্যিক সুযোগ সৃষ্টি কিংবা বছরে একদিন বাঙালি সাজার প্রতিযোগিতা নয়। এর সঙ্গে বাঙালির হূদয়ের যোগ ঘটেছে। সংগীতে, পোশাকে ও খাদ্যে তার পরিচয় মেলে।তাই বলে কিছু আদিখ্যেতা যে হয় না, তাও নয়। নববর্ষের বাণিজ্যিক অপব্যবহার অনেক সময় সীমা পেরিয়ে যায়। কয়েক বছর ধরে অনুষ্ঠান এলাকায় পান্তা-ইলিশের দোকানের উপদ্রবে দর্শক এলাকা সংকুচিত হয়েছে। ওয়াহিদুল হককে মঞ্চ থেকে অনুষ্ঠান বন্ধ করার হুমকি দিতে হয়েছে। ছায়ানটের মঞ্চের পাশে বিরাট এলাকাজুড়ে জাতীয়তাবাদী মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে ইংরেজি নববর্ষের কায়দায় আগের রাত ১২টা থেকে অনুষ্ঠান করা হয়েছে, টেলিফোনে হুমকি দেওয়া হয়েছে, বোমার ঘটনা তো আগেই বলেছি।পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালি আত্মপরিচয় সন্ধানে যে পদযাত্রা শুরু করে, সে পথও মসৃণ ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরও বাঙালি সংস্কৃতির এগিয়ে যাওয়ার পথ পুরোপুরি মসৃণ হয়ে ওঠেনি। নববর্ষ উদ্যাপন তো বাংলাদেশে তাই নিছক উৎসব নয়। প্রতিটি পয়লা বৈশাখ বাঙালির ভবিষ্যৎ যাত্রাপথের একেকটি মাইলফলক।