তখন সন্ধ্যা নেমেছে। ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনের প্রবেশমুখে অনেকগুলো প্রদীপ জ্বলছে। সিঁড়ির দুই পাশেও জ্বলছে প্রদীপ। নির্ধারিত সময়ের আগেই মিলনায়তনের ভেতরে দর্শকদের বসার জায়গা পূর্ণ। অনেকে দাঁড়িয়ে আছেন। রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছায়ানট আয়োজিত দুই দিনব্যাপী রবীন্দ্র-উৎসবের প্রথম দিনের শুরুর চিত্রটি ছিল এ রকম: মঞ্চের পর্দা সরে যেতেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন শিল্পীরা। ছায়ানটের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘মম চিত্তে নিতি নৃত্যে’ গানের সঙ্গে দলীয় নৃত্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর অনুষ্ঠানের সভাপতি সন্জীদা খাতুন প্রবন্ধ উপস্থাপক বিনায়ক সেনকে নিয়ে মঞ্চে আসন নেন। প্রবন্ধ পাঠ করেন বিনায়ক সেন। এরপর স্বাগত বক্তব্য দেন সন্জীদা খাতুন। আবার ছায়ানটের শিল্পীদের সমবেত গান ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’, ‘বাজে বাজে রম্যবীণা বাজে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানের এই পর্যায়ে ছিল দলীয় নৃত্য।শিল্পীরা একক কণ্ঠে পরিবেশন করেন ‘আমার এই পথ-চাওয়াতেই আনন্দ’, ‘কত অজানারে জানাইলে তুমি’, ‘বিপুল তরঙ্গ রে’, ‘বহে নিরন্তর’, ‘ও আমার দেশর মাটি, তোমার ’পরে ঠেকাই মাথা’সহ বেশ কিছু গান।গান পরিবেশন করেন শিল্পী স্বাতী সরকার, নীলোৎপল সাধ্য, দীপাঞ্জন মুখার্জী, ছায়া কর্মকার, ফাহমিদা খাতুন, কাঞ্চন মোস্তফা, নাঈমা ইসলাম, মমি মঞ্জুরী চৌধুরী, সিলেটের প্রতিক এন্দ, ফরিদপুরের সমাপ্তি রায় প্রমুখ। আবৃত্তি করেন মীর বরকত ও ইশরাত জাহান।