ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব
আগামী বৃহস্পতি ও শুক্রবার ছায়ানট দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উৎসবের আয়োজন করেছে। দুই দিনের এই উৎসব সবার জন্য উন্মুক্ত, অনুষ্ঠিত হবে ছায়ানট মিলনায়তনে। উৎসবের উদ্বোধন করবেন সংগীতগুণী রামকানাই দাশ। এবার উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের শিল্পীর পাশাপাশি মুম্বাইয়ের বিশিষ্ট কণ্ঠশিল্পী অশ্বিনী ভিডে দেশপান্ডে, কলকাতার কণ্ঠশিল্পী অর্ণব চ্যাটার্জি ও সেতারবাদক অসীম চৌধুরী অংশ নেবেন। এই আয়োজন প্রসঙ্গে ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য রহমান বলেন, ‘ছায়ানট ১৪১৪ বঙ্গাব্দ থেকে নিয়মিত শুদ্ধসংগীত উৎসবের আয়োজন করে আসছে। বাংলা গানের সুরের নিয়ামক হিসেবে শুদ্ধসংগীত আমাদের গানে দেশীয় বৈশিষ্ট্য সঞ্চার করে চলেছে। তবে দেশে শুদ্ধসংগীত শোনা, গাওয়া আর চর্চার ক্ষেত্র খুব বিস্তৃত নয়। অথচ এ সংগীতের যথাযথ শিক্ষা এবং প্রসার জাতীয় জীবনে গুরুত্ববহ। বাংলা গানের শিকড় সন্ধানে শুদ্ধসংগীত বোধের কোনো বিকল্প নেই। সংগীতপিপাসুদের শুদ্ধসংগীতের সঙ্গে পরিচয় নিবিড়তর করা এবং সংগীতের শিক্ষার্থীদের সাধনা ও পরিবেশনে প্রাণিত করারই উদ্যোগ—ছায়ানটের শুদ্ধসংগীত উৎসব।’অনিন্দ্য রহমান জানান, উদ্বোধন হবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায়। চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। দ্বিতীয় অধিবেশন শুরু হবে শুক্রবার, সকাল নয়টায়, আর তৃতীয় অধিবেশন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায়। চলবে সারা রাত।ছায়ানটের এই উৎসবে সহযোগী হয়েছে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।