ছায়ানটের ৫০ বছর
ছায়ানটের শুরুটা হয়েছিল ১৯৬১ সালে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবর্ষ উদ্যাপনের মধ্য দিয়ে। প্রতিষ্ঠার অর্ধশত বছর পূর্তি উপলক্ষে ছায়ানট আয়োজন করেছে দুই দিনের অনুষ্ঠান। ২৫ ও ২৬ নভেম্বর এ অনুষ্ঠান হবে ছায়ানট সংস্কৃতি-ভবনে। ছায়ানটের নির্বাহী কর্মকর্তা অনিন্দ রহমান জানান, ছায়ানটের শুরু থেকে এ পর্যন্ত যাঁরা সংগঠক-কর্মী-সদস্য এবং শিক্ষক-শিক্ষার্থী ছিলেন, তাঁদের সবাইকে নিয়ে সম্মিলনীর আয়োজন করা হয়েছে ২৫ নভেম্বর। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে এ আয়োজন। ৫০ বছর পূর্তির অনুষ্ঠানটি হবে ২৬ নভেম্বর সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। শুরু থেকে নানা সময়ে যাঁরা ছায়ানটের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের মধ্য থেকে নির্বাচিত কয়েকজনকে এ অনুষ্ঠানে গান করার জন্য আমন্ত্রণ জানানো হবে। থাকবে এ সময়ের শিক্ষার্থীদের অংশগ্রহণও। আরও থাকবে গান, নাচ, আবৃত্তি ও পাঠ। অনিন্দ আরও জানান, ৫০ বছর পূর্তির এই আয়োজনে থাকবে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীতে থাকবে ছায়ানটের বিভিন্ন আমন্ত্রণপত্র, সুভ্যেনির, প্রয়াত ব্যক্তিত্বদের আলোকচিত্র, ছায়ানটের বিভিন্ন কার্যক্রম। তিনি বললেন, ‘প্রদর্শনীর জন্য কারও সংগ্রহে কোনো স্মারক, যেমন—স্মরণিকা, দলিল, আলোকচিত্র থাকলে সেসব দুর্লভসামগ্রী ৩১ অক্টোবরের মধ্যে ছায়ানটের দপ্তরে জমা দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আর ছায়ানটের সঙ্গে বিভিন্ন সময় নানাভাবে যাঁরা যুক্ত ছিলেন,তাঁদের ৩১ অক্টোবরের মধ্যে (বুধবার ছাড়া যেকোনো দিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা) ছায়ানট সংস্কৃতি-ভবনে (বাড়ি-৭২, সড়ক-১৫এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) নিবন্ধন করতে হবে। আরও জানার জন্য মুঠোফোন ০১৭১৩০৪৯৭৬৩ অথবা [email protected] ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।