ছায়ানটের ৫০ বছর পূর্তিতে বিশ্বমানব হওয়ার আহ্বান
বিশ্বমানব হয়ে ওঠার আহ্বান জানিয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ছায়ানটের ৫০তম বার্ষিকী উদযাপনের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ছায়ানট। ‘স্থির প্রত্যয়ে যাত্রা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিষ্ঠানটির সবচেয়ে প্রবীণ সদস্য ও শিক্ষক মদন গোপাল দাস। ভাস্কর্যের উদ্বোধন করেন আরেক প্রবীণ সদস্য সাইফুদ দৌলা। সংস্কৃতি ভবন মিলনায়তনের অনুষ্ঠানে ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন বলেন, ‘কেবল সংগীত নয়, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে বহুতর সাধনার ভেতর দিয়ে জীবনের সর্বস্তরে সফল হয়ে উঠতে চাই আমরা। আমাদের সার্বিক প্রয়াস শাশ্বত বাঙালি হয়ে বিশ্বমানব হয়ে ওঠার। আমরা সকলে মিলে মানুষ হই। আদর্শ মানবতার পথে একত্রে যাত্রা করি।’অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছায়ানটের শিক্ষাগুরু সোহবার হোসেন, কার্যকরী সংসদের সদস্য সাইফুদ দৌলা প্রমুখ।