ছায়ানটের ‘স্থির প্রত্যয়ে যাত্রা’
বাঙালির আত্মপরিচয়ের সন্ধানের দীর্ঘ পথ পরিক্রমায় সহযোগীর ভূমিকায় অর্ধশতাব্দী অতিক্রম করল ছায়ানট। প্রতিষ্ঠানটি এখন পরিণত দেশের প্রধান সংগীতচর্চার শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদায়। তিন হাজার শিক্ষার্থী দেড় শতাধিক শিক্ষকের নিবিড় পরিচর্যায় এখানে শিক্ষা গ্রহণ করছে। তবে কেবল সংগীতচর্চাই নয়, বাঙালি সংস্কৃতির পরিচর্যায় নানামাত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছায়ানট নিজেই একটি সাংস্কৃতিক আন্দোলনে পরিণত হয়েছে। প্রতিষ্ঠার অর্ধশতাব্দী পূরণ উপলক্ষে ‘স্থির প্রত্যয়ে যাত্রা’ শীর্ষক দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সকালে ছায়ানট ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ৫০ বছর পূর্তির কর্মসূচি ঘোষণা করা হয়। ছায়ানটের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়ে এ সময় আলোচনা করেন সহসভাপতি সারওয়ার আলী, সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল ও কোষাধ্যক্ষ প্রদীপ নাগ। শুরুতেই ছায়ানটের শিল্পীরা ‘মোদের গরব মোদের আশা’, ‘হিমালয় থেকে সুন্দরবন’সহ কয়েকটি গান গেয়ে শোনান।সংবাদ সম্মেলনে বলা হয়, ভারতের স্বাধীনতার প্রাক্কালে এই অঞ্চলের বাঙালিদের জাতীয় ও ধর্মীয় পরিচয়ের মধ্যে যে বিভ্রান্তকারী দ্বন্দ্বের সৃষ্টি করা হয়েছিল, ছায়ানট সেই দ্বন্দ্বের মধ্যে থেকে বাঙালির আত্মপরিচয় সন্ধানের প্রচেষ্টায় সহায়কের ভূমিকা পালন করেছে সংগীতচর্চার ভেতর দিয়ে। সব স্তরের মানুষের সহায়তায় এই প্রতিষ্ঠানটি গত ৫০ বছরে দেশের প্রধান সংগীত শিক্ষার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুদ্ধভাবে রবীন্দ্র, নজরুল, লোক ও ধ্রুপদি সংগীতচর্চার মধ্য দিয়ে বাঙালির আত্মপরিচয়ের অন্বেষায় ছায়ানট আগামী দিনেও কাজ করে যাবে।১৯৬১ সালের এক হেমন্তের দিনে ছায়ানটের পরিকল্পনা করেছিলেন কয়েকজন সাংস্কৃতিক কর্মী। তবে সঠিক তারিখটি বিস্মৃত। সংবাদ সম্মেলনে ছায়ানটের সেই উদ্যোক্তাদের মধ্যে প্রথম এবং আমৃত্যু সভাপতি কবি সুফিয়া কামাল, সংগীতজ্ঞ ওয়াহিদুল হক এবং বর্তমান সভাপতি সন্জীদা খাতুনের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচি: ৫০ বছর পূর্তির দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে ২৫ ও ২৬ নভেম্বর।সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষক মদন গোপাল দাস সকাল ১০টায় ছায়ানট ভবনে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর ভবনের সামনে স্থাপিত শিল্পী নাসিমা হকের গড়া একটি ভাস্কর্যের উদ্বোধন করা হবে। বিরতিহীনভাবে অনুষ্ঠান চলবে সন্ধ্যা পর্যন্ত। এতে থাকবে ৫০ বছরের কার্যক্রম নিয়ে একটি বিশেষ প্রদর্শনী, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলনী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত ও নৃত্যানুষ্ঠান। দ্বিতীয় দিন সন্ধ্যায় থাকবে একক ও সম্মেলক সংগীত, নৃত্য, পাঠ-আবৃত্তি।