ছিঁচকে চুরি-ছিনতাই বাড়ছেই
সিলেটে চুরি-ছিনতাই আগের চেয়ে অনেক বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে মাদক। মাদকাসক্তরা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে নগরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে চুরি-ছিনতাইয়ে অংশ নিচ্ছে। সাধারণ মানুষ এসব মাদকাসক্ত ছিনতাইকারীর হাতে জিম্মি। নগরের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা এসব অভিযোগ করেছেন। মাদকাসক্ত ব্যক্তিদের অনেকেই চুরি-ছিনতাইয়ে জড়িত থাকার বিষয়টি পুলিশ ও র্যাবের কর্মকর্তারাও স্বীকার করেছেন।নগরবাসীর মতে, বিভিন্ন এলাকার মাদকাসক্ত ব্যক্তিদের কারণে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তারা নেশার টানে প্রতিদিন চুরি-ছিনতাই করছে। সন্ধ্যার পর প্রায় এলাকার গলিপথে পথচারীদের ছিনতাইকারীর কবলে পড়তে হয়। পাড়া-মহল্লার গলিপথে মধ্যরাতে মাদকের আসর বসে। বখাটেরা সেখানে বসে প্রকাশ্যে হেরোইন, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক সেবন করে। পুলিশের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা হয় না বলে জানান বালুচর এলাকার এক প্রবীণ বাসিন্দা। মাদকাসক্ত ব্যক্তিদের এসব আড্ডাস্থল বন্ধ হলেই সন্ত্রাস ও চুরি কমবে বলে তিনি মত দেন।দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা সদানন্দ দাস বলেন, দাঁড়িয়াপাড়া এলাকায় ঢুকতে যে পশু হাসপাতালটি পড়ে, এটি সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। প্রায় সময় এসব মাদকসেবী সুযোগ বুঝে পথচারীদের কাছ থেকে বিভিন্ন জিনিস ও টাকা-পয়সা ছিনতাই করে কেটে পড়ে। এখানে বখাটেদের আড্ডা বন্ধ হলেই ওই এলাকার মাদকসমস্যা কমার পাশাপাশি চুরি-ছিনতাইয়ের পরিমাণও কমবে বলে তিনি মত দেন।বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, প্রায় সময় পাড়া-মহল্লার মাদকসেবীদের গ্রেপ্তার করা হলেও যারা মাদকের ব্যবসা করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এ কারণে নতুনভাবে মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলছে। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা না গেলে এলাকা মাদকের অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব হবে না। আর এ কারণে নগরের বিভিন্ন এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনাও বেড়ে চলছে বলে লোকজন অভিমত ব্যক্ত করেন।কালীবাড়ী সড়কের স্কুলশিক্ষক মাহবুবুর রহমান বলেন, ‘বখাটেরা বিভিন্ন সড়কে সন্ধ্যায় গাঁজা সেবন করে। এতে রাস্তায় চলাচলে নানা সমস্যা হয়। আর ভয় তো আছেই। তাই আমার মতে, নগরের ছিনতাই আর মাদকের স্থানগুলো চিহ্নিত করে বিশেষ অভিযান চালিয়ে মাদকের স্পট নির্মূল করা উচিত। এতে ছিনতাইকারীও নির্মূল হবে।’