ছিটমহল বিনিময়ের দাবিতে পঞ্চগড়ে অনশন শুরু
ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে ছিটমহল বিনিময় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আজ রোববার থেকে পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য গণ-অনশন শুরু করবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহলের নাগরিকেরা। বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ শাখার উদ্যোগে দেশের ১১১টি ছিটমহলের নেতারা এই অনশনে অংশ নেবেন।ছিটমহলের নেতারা জানান, বোদা উপজেলার জেমজুট মিল এলাকায় অবস্থিত পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ভারতীয় পুঁটিমারি ছিটমহলে এই কর্মসূচি শুরু হবে। গারাতি ছিটমহল নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান বলেন, অনশন শুরু হবে বিকেল চারটায়। তিনি বলেন, দেশের অন্যান্য এলাকায় অবস্থিত ভারতীয় ছিটমহলের নেতারা পঞ্চগড়ে আসতে শুরু করেছেন। দুপুরের মধ্যে সবাই এসে পৌঁছাবেন।দাবি সম্পর্কে শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আলোকে অবিলম্বে ছিটমহল বিনিময় বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যান্য দাবি হলো: বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে থাকা দুই দেশের ছিটমহলগুলোতে খাদ্য, বস্ত্র, আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, নাগরিকত্ব, পূর্ণাঙ্গ আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করাসহ ছিটমহলবাসীর জন্য বাজেট ঘোষণা, হজে যাওয়াসহ ধর্মীয় কাজ সম্পাদনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। একই কথা বলেন গাড়াতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান ও কাজলদিঘি ছিটমহলের চেয়ারম্যান জয় প্রকাশ। ছিটমহলের নেতারা বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার রাজি থাকলেও পশ্চিমবঙ্গ সরকারের আপত্তির মুখে আটকে আছে ছিটমহল বিনিময়ের কার্যক্রম। তিনি জানান, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে।’বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় জেলার নেতারা বলেন, ছিটমহল বিনিময়ের দাবিতে দীর্ঘ দেড় বছর ধরে আন্দোলন চলছে। তাঁরা রাজনীতির ঊর্ধ্বে এসে শুধু মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সর্বস্তরের নাগরিকদের এই আন্দোলনকে সমর্থন ও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।