ছিটমহল বিনিময়ের সময় ঘোষণা না দিলে কঠোর আন্দোলন
ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের সময়সীমা অবিলম্বে ঘোষণা করা না হলে আগামী ২ অক্টোবর থেকে কঠোর আন্দোলন শুরু করা হবে। পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দারা একযোগে আন্দোলনে নামবেন। কোচবিহারের শহীদবাগ ময়দানে শুরু করা হবে আমরণ অনশন।গতকাল শুক্রবার কোচবিহারের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত আন্দোলনের হুমকি দেন। তিনি বলেন, ছিটমহল বিনিময় নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে মঙ্গলবারের সম্পাদিত চুক্তি নিয়ে তাঁরা এখনো ধোঁয়াশায় আছেন। তাঁরা চুক্তির বিষয়বস্তু এখনো জানেন না।দীপ্তিমান বলেন, দুই দেশের সরকার আন্তরিক হয়ে ছিটমহল বিনিময় করার চুক্তি করে থাকলে সেই চুক্তি বাস্তবায়নের দিন ঘোষণা করুক। অন্যথায় ২ অক্টোবর থেকে তাঁরা আমরণ অনশনের পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তুলবেন।সমন্বয় কমিটির সহসম্পাদক বলেন, ৬৪ বছর ধরে ছিটমহল সমস্যার সমাধান করতে পারেনি দুই দেশ। আর পরগাছা হয়ে ছিটমহলবাসী অন্য দেশের ভূখণ্ডে থাকতে চায় না। তারা একটি দেশের নাগরিকত্ব চায়।দীপ্তিমান আরও বলেন, একই সঙ্গে এই আন্দোলন বাংলাদেশের ভূখণ্ডে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলেও চলবে। সমন্বয় কমিটি আরও দাবি করেছে, চুক্তির বিষয়বস্তু জনসমক্ষে অবিলম্বে প্রকাশ করতে হবে।ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। এর মধ্যে চারটি ছিটমহল জলপাইগুড়িতে। অন্যদিকে বাংলাদেশ ভূখণ্ডে রয়েছে ১১১টি ভারতীয় ছিটমহল।