বাংলাদেশ ও ভারতের ছিটমহলগুলোতে আজ শনিবার সন্ধ্যার পর থেকে দুই দিন কোনো বাতি জ্বালানো হবে না। ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে ছিটমহলের বাসিন্দারা আলোহীন রাত যাপনের এ কর্মসূচি পালন করবে।একই দাবিতে লাগাতার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির নেতারা ছিটমহলগুলোতে সাংগঠনিক সফর শুরু করেছেন।ছিটমহল সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গতকাল শুক্রবার কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় বিভিন্ন ছিটমহল ঘুরে দেখেন। তিনি বলেন, ‘১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি শিগগির বাস্তবায়ন করতে হবে। ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আমাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন, মিছিল, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হবে।’এ সময় গোলাম মোস্তফার সঙ্গে ছিলেন দাশিয়ারছড়া ছিটমহলের সম্পাদক মোজাফফর হোসেন, সহসভাপতি ময়নুল হক প্রমুখ।ছিটমহলগুলো ঘুরে দেখার পর গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘আমাদের আশা ছিল, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশ সফরে এসে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। কিন্তু তা না করে শুধু প্রটোকল চুক্তি সই করায় উভয় দেশের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা চরম হতাশ ও ক্ষুব্ধ হয়েছে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত নানা কর্মসূচি পালন করা হবে। এর অংশ হিসেবে আজ শনিবার থেকে ছিটমহলগুলোতে দুই দিন কোনো বাতি জ্বালানো হবে না। আগামী ২ অক্টোবর থেকে লাগাতার মিছিল, সভা-সমাবেশ ও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।’বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি সাহাদ ৎ হোসেন বলেন, ‘ভারতের ইউনিটের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এসব কর্মসূচি ভারত-বাংলাদেশ উভয় দেশের অভ্যন্তরে অবস্থিত ছিটমহলগুলোতে ঐক্যবদ্ধভাবে পালিত হবে।’প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি, লালমনিরহাট জেলায় ৩৩টিসহ মোট ৫১টি ছিটমহল রয়েছে। এই ছিটমহলগুলোর আয়তন প্রায় ১১০ দশমিক ২ একর।অপরদিকে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে ভারতের কোচবিহার জেলার অধীনে ১১১টি ছিটমহল রয়েছে, যার আয়তন প্রায় ১৭ হাজার ১৫৮ দশমিক ৫ একর। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি ও নীলফামারী জেলায় চারটি ভারতীয় ছিটমহল রয়েছে। ১৯৭৪ সালের মুজিব ও ইন্দিরার মধ্যে যে ভারত-বাংলাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে এসব ছিটমহল বিনিময় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।এই চুক্তির আলোকে বিষয়টি বাংলাদেশের জাতীয় সংসদে পাস হলেও ভারতের পার্লামেন্টে তা এখনো পাস না হওয়ায় বিরোধ রয়ে গেছে। চুক্তি কার্যকর হলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সঙ্গে একীভূত হবে।গত মঙ্গলবার ভারত-বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে ছিটমহল বিষয়ে ‘প্রটোকল’ স্বাক্ষর করে উভয় পক্ষ।