ছিটমহলে হাজারো মানুষের বিক্ষোভ
ছিটমহল-সমস্যা দ্রুত সমাধানের দাবিতে পঞ্চগড়ের গারাতি ছিটমহলে আজ শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ছিটমহলের বাসিন্দারা বলেন, সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।আজ সকালে বিক্ষোভ মিছিলে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা অংশ নেয়। মিছিলটি ছিটমহলের বিভিন্ন গ্রাম ঘুরে শালবাড়ী মাঠে শেষ হয়।সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছিটমহলের নেতা শাহিদ মুন্সি, ফয়জুল হক সরদার, শাহ আলম, আনছার আলী, নুর হোসেন প্রমুখ।এদিকে পঞ্চগড় জেলার অভ্যন্তরে অবস্থিত ভারতীয় ১২টি ছিটমহলে বসবাসকারী লোকজন আলোবিহীন রাত যাপনের কর্মসূচি গ্রহণ করেছে। আজ সন্ধ্যা থেকে তাঁদের এই ব্যতিক্রমী কর্মসূচি শুরু হচ্ছে।ভারত-বাংলাদেশ ছিটমহল-বিনিময় সমন্বয় কমিটির অন্যতম নেতা মো. সিরাজুল ইসলাম মুঠোফোনে গতকাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশি নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত এ কর্মসূচির পাশাপাশি আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের কোনো দেশ নেই, পরিচয় নেই, আমাদের বসবাস অন্ধকার জগতে। তাই আমাদের নাগরিকত্ব দিয়ে আলোর জগতে না ফেরানো পর্যন্ত আমরা সন্ধ্যার পর বাড়িঘরে কোনো আলো জ্বালাব না।’