ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের রেশ এখনো চলছে। দুই দেশের আশাহত ছিটমহলবাসীরা আন্দোলনে নেমেছেনিষ্প্রদীপ রাত যাপনের কর্মসূচি শুরু করেছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় বাতি নেভানোর মধ্য দিয়ে দুই দিনের এ কর্মসূচি শুরু হয়। আজ রোববার রাতেও ছিটমহলের কোনো ঘরে আলো জ্বলবে না।অপরদিকে ভারতের অভ্যন্তরে ৫১টি বাংলাদেশি ছিটমহলে এই কর্মসূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার সেখানে এই কর্মসূচি পালিত হবে।বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘ছিটমহলের মানুষ দীর্ঘদিন অন্ধকারেই ছিল। ছিটমহল বিনিময়ের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়নের সুনির্দিষ্ট তারিখ ঘোষিত না হওয়ায় আমরা দুই রাত আলোবিহীন রাত যাপনের এই কর্মসূচি পালন করছি।’ছিটমহল-সমস্যা দ্রুত সমাধানের দাবিতে পঞ্চগড়ের গারাতি ছিটমহলে গতকাল সহস্রাধিক মানুষ বিক্ষোভ ১১মিছিল ও সমাবেশ করেছে। ছিটমহলের বাসিন্দারা জানান, ছিটমহল সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।গতকাল সকালে বিক্ষোভ মিছিলে নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুরা অংশ নেয়। মিছিলটি ছিটমহলের বিভিন্ন গ্রাম ঘুরে শালবাড়ী মাঠে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছিটমহলের বাসিন্দা শহীদ মুন্সি, ফয়জুল হক সরদার, শাহ আলম, আনছার আলী, নূর হোসেন প্রমুখ।ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ছিটমহলের বাসিন্দাদের কোনো দেশ নেই, পরিচয় নেই, আমাদের বসবাস অন্ধকারে। তাই আমাদের নাগরিকত্ব দিয়ে আলোয় না ফেরানো পর্যন্ত আমরা সন্ধ্যার পর বাড়িঘরে কোনো আলো জ্বালাব না।’কুড়িগ্রাম জেলার অভ্যন্তরে ভারতীয় ছিটমহলগুলোতে আনুষ্ঠানিকভাবে বাতিগুলো নিভিয়ে দেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। বাতি নেভানোর সঙ্গে সঙ্গে শুরু হয় স্লোগান, ‘আমরা প্রটোকল মানি না, ছিটমহল চুক্তির দ্রুত বাস্তবায়ন চাই।’কর্মসূচি শুরুর আগে ছিটমহলের বাসিন্দারা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি সব কটি ছিটমহল ঘুরে এসে কালীরহাট বাজারে এসে শেষ হয়। সেখানে সমন্বয় কমিটির দাশিয়ারছড়া ইউনিটের সভাপতি আবদুল গণির সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোজাফফর হোসেন, সাইফুর রহমান ও গোলাম মোস্তফা।ছিটমহলের বাসিন্দা গৃহবধূ নূরজাহান বেগম বলেন, ‘হামরা বাংলা চাই। ব্যাটি ভাতিজিক ভারতে বিয়া দিছি। এ্যালা ভারত যাবার পাই না।’ লু ৎ ফা বেগম বলেন, ‘সন্ধ্যার পর চুলা জ্বালাম না।’এদিকে ভারত-বাংলাদেশ ছিটমহল সমন্বয় কমিটির সহসম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত গতকাল রাতে প্রথম আলোর কলকাতা প্রতিনিধিকে জানান, ছিটমহলের আশপাশে বেশ কয়েকটি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন থাকায় ভারতীয় অংশে নিষ্প্রদীপ রাত যাপনের কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছে। তবে অবিলম্বে উভয় দেশের ছিটমহল বিনিময়ের তারিখ ঘোষিত না হলে আগামী ২ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার ৫১টি বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা একযোগে তীব্র আন্দোলন গড়ে তুলবে। ওই দিন থেকে কোচবিহারের শহীদবাগ ময়দানে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনও শুরু করবে ছিটমহলবাসী।প্রসঙ্গত, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধীর মধ্যে যে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে এসব ছিটমহল বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।চুক্তি কার্যকর হলে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে এবং বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতের সঙ্গে একীভূত হবে।গত মঙ্গলবার বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক হয়। এতে ছিটমহল বিষয়ে ‘প্রটোকল’ স্বাক্ষর করে উভয় পক্ষ। কিন্তু এতে ছিটমহল বিনিময়ের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। শুধু ‘দ্রুত’ ছিটমহল বিনিময় করতে বলা হয়েছে।