ছিনতাইয়ের ঘটনায় নেওয়া হয় চুরির মামলা বা জিডি
ছিনতাই ও চাঁদাবাজির মামলা নিতে পুলিশের অনীহা
রাজধানীর পোস্তগোলায় বুড়িগঙ্গা সেতুর কাছে চালক সুমনকে মারধর করে তাঁর সিএনজিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন দুই যুবক। সুমনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ইসরাফিল ও সুমন মিস্ত্রি নামের ওই দুই যুবককে ধরে পিটুনি দিয়ে শ্যামপুর থানার পুলিশের হাতে তুলে দেন।কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, আওয়ামী লীগের একটি অনুসারী সংগঠনের স্থানীয় এক নেতার প্রভাবে ওই দুই যুবককেই ছেড়ে দেন শ্যামপুর থানার দায়িত্বরত কর্মকর্তা। এ ঘটনায় মামলাও নেয়নি পুলিশ। অবশ্য শ্যামপুর থানার ওই কর্মকর্তা মাহফুজুর রহমান প্রথম আলোর কাছে এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘ঘটনাটি আমার মনেই পড়ছে না।’এই ঘটনা গত ২ মের। থানা-পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার এমন অভিযোগ পুরোনো। তবে সাম্প্রতিক সময়ে এমন ঘটনা বেড়েছে। এমনকি সুমনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার ঘটনার মতো অভিযুক্ত ব্যক্তিদের হাতেনাতে ধরিয়ে দেওয়ার পরও পুলিশ মামলা নেয়নি এমন অভিযোগ রয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় চুরির মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) এবং চাঁদা দাবি করে হুমকির ঘটনায় নেওয়া হয় জিডি। নগরের বিভিন্ন থানা এলাকার ভুক্তভোগী লোকজন এমন অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, মামলা করতে গেলেও পুলিশ জিডি করার পরামর্শ দিয়ে জিডি নিচ্ছে।পুলিশের একাধিক কর্মকর্তা জানান, কোনো থানা এলাকায় ছিনতাই-ডাকাতি-চাঁদাবাজি বেড়ে গেলে ধরে নেওয়া হয়, ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বা নিয়ন্ত্রণে আছে দেখাতে থানা-পুলিশ এসব ক্ষেত্রে কম মামলা নেয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর রাজধানীর ৪৯টি থানায় ছিনতাই ও দস্যুতার ২২২টি মামলা হয়। এর মধ্যে কেবল ডিসেম্বরে ছিনতাইয়ের মামলা হয় ৪৩টি। চলতি বছরের জানুয়ারিতে ছিনতাইয়ের মামলার সংখ্যা ৫২ ও ফেব্রুয়ারিতে ৬৬টি। পরিসংখ্যানই বলছে, ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তবে ভুক্তভোগী ও কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, প্রকৃতপক্ষে এমন অপরাধের ঘটনা আরও বেশি। কারণ, ছিনতাইয়ের শিকার অনেকে হয়রানির আশঙ্কায় থানায় যান না, আবার যাঁরা যান তাঁদের অভিযোগও অনেক ক্ষেত্রে জিডি বা চুরির মামলা হিসেবে নেয় পুলিশ।কয়েকটি ঘটনা: গত ২২ মার্চ গভীর রাতে ধানমন্ডি ১৪ নম্বর সড়কে পিস্তল ঠেকিয়ে রুমিনুল ইসলাম ও তাঁর এক বন্ধুর মোটরসাইকেল, দুটি মুঠোফোন, ডেবিট কার্ড ও সাড়ে তিন হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা। ভুক্তভোগীদের অভিযোগ, এ ঘটনায় মামলা না নিয়ে জিডি হিসেবে নেয় ধানমন্ডি থানা-পুলিশ।১৩ জানুয়ারি হাইকোর্টের সামনে হাসান জাহিদ নামের এক ব্যক্তির ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায়ও জিডি নিয়েছে শাহবাগ থানার পুলিশ। গত বছরের ১৭ ডিসেম্বর রাতে ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত পদ্মা এক্সপ্রেস ট্রেনে ছিনতাইকারীরা শারমিন সুলতানা নামের এক নারীর নগদ টাকা ও স্বর্ণালংকারভর্তি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ ঘটনায় চুরির মামলা নেয় ঢাকা রেলওয়ে থানা।শারমিন সুলতানা অভিযোগ করেন, পুলিশ নিজেদের চাপমুক্ত রাখতে ছিনতাইয়ের ঘটনায় চুরির মামলা নিয়েছে। টাকা ও অলংকার উদ্ধার তো দূরের কথা, ছয় মাসে পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি।ডিসেম্বরে শ্যামলীর ট্রমা সেন্টারের সামনে শাহ্ মো. হাফিজুর রহমানের ল্যাপটপ ছিনতাইয়ের ঘটনায়ও মোহাম্মদপুর থানা চুরির মামলা নেয়। ৪ জানুয়ারি মিরপুরে মিতালী মার্কেটের ব্যবসায়ী আসলাম হোসেনের কাছে ফোনে দুর্ধর্ষ সন্ত্রাসী ব্যাঙ্গা বাবু পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। আসলাম বলেন, দারুস সালাম থানায় এ নিয়ে মামলা করতে গেলে পুলিশ নেয়নি। তিনি বিষয়টি ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে জানালে ওই কর্মকর্তা থানায় ফোন করে মামলা নিতে বলেন। কিন্তু পুলিশ নেয় জিডি হিসেবে।একাধিক ব্যক্তি অভিযোগ করেন, চুরির ঘটনায় মামলা করতে গেলে ‘হারানো’ উল্লেখ করে জিডি করায় পুলিশ। এ ছাড়া কখনো কখনো অভিযোগকারীকে দিয়ে ‘আমি আপাতত এ বিষয়ে মামলা করব না’ লিখিয়ে নেওয়া হয়।ভুক্তভোগীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) মো. আবদুল জলিল মণ্ডল প্রথম আলোকে বলেন, ফৌজদারি অপরাধ আমলে না নেওয়াটাও অপরাধ। কারও বিরুদ্ধে অপরাধ আড়াল করার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, কেউ অভিযোগ নিয়ে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নিতে হবে। এটাই আইন। কাউকে ফিরিয়ে দেওয়ার অধিকার পুলিশের নেই।