ছিনতাই করে পালানোর সময় চারজন আটক
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় চার ছিনতাইকারীকে আটক করেছে ওই এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান। আজ সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, শাহ আলম নামের একজন ব্যবসায়ী নবাবপুরের ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে হেঁটে পল্টন থানার সামনে নিজের জুতার দোকানে ফিরছিলেন। তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ফোয়ারার সামনে এলে ছয়-সাতজন ব্যক্তি তাঁকে ঘিরে ফেলেন। তাঁরা শাহ আলমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে এবং চোখে আঘাত করে তাঁর কাছে থাকা টাকার প্যাকেটটি নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় শাহ আলম চিত্কার করলে ওই এলাকার দায়িত্বরত মতিঝিল জোনের ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান কয়েকজন পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন। তাঁরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাছ থেকে চারজনকে আটক করেন। তাঁদের কাছ থেকে ১৪ লাখ টাকা উদ্ধার করা গেছে। অন্যরা বাকি এক লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন। ট্রাফিক সার্জেন্ট মুশফিকুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, চারজনকে ধরে পল্টন থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।ব্যবসায়ী শাহ আলম বলেন, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।