যশোর সদর উপজেলার হামকুড়া এলাকায় যশোর-নড়াইল সড়কে গতকাল মঙ্গলবার বিকেলে ছিনতাইকারীর কবলে পড়েন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। ছিনতাইকারীরা তাঁকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাঁকে উদ্ধারে এগিয়ে আসেন শাহিন রেজা (৩৮) নামের এক ব্যক্তি। ছিনতাইকারীরা তাঁকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করে।নিহত শাহিন হামকুড়া এলাকার মামুন ব্রিকসের ব্যবস্থাপক। তাঁর বাড়ি সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে। তাঁর স্ত্রী ও দুই ছেলেমেয়ে আছে। গণপিটুনিতে নিহত ছিনতাইকারীদের পরিচয় জানা যায়নি। অন্যদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত আবদুর রউফ (৪৫) সদর উপজেলার নিমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বাড়ি পার্শ্ববর্তী বাউলিয়া গ্রামে। তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল বেলা চারটার দিকে শিক্ষক আবদুর রউফ মোটরসাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। হামকুড়া সেতু এলাকায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী তাঁকে থামিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে তারা রউফের বগলে ছুরিকাঘাত করেন। এ সময় চিৎকার দিলে শাহিন রেজা এগিয়ে গিয়ে এক ছিনতাইকারীকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীদের একজন শাহিনের বুকে ছুরি বসিয়ে দেয়। তবু তিনি ওই ছিনতাইকারীকে ছাড়েননি। এরপর অপর এক ছিনতাইকারী শাহিনের বুকে গুলি করে।গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীদের মধ্যে দুজন মোটরসাইকেলে পালিয়ে যায়। অপর দুজন যশোরগামী যাত্রীবাহী একটি বাস থামিয়ে পালানোর চেষ্টা করে। বিক্ষুব্ধ লোকজন বাস থেকে ওই দুজনকে নামিয়ে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এদিকে ঘটনার পর শাহিন রেজা ও শিক্ষক রউফকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে মৃত্যু হয় শাহিন রেজার। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনির হাসান প্রথম আলোকে বলেন, শাহিন রেজার শরীর থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আহত শিক্ষক আবদুর রউফের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, পলাতক ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে। নিহত ছিনতাইকারীদের পরিচয় জানা যায়নি। মামলার প্রস্তুতি চলছে।