ছিনতাই হওয়া জাহাজে সরকারি আমদানির ৪৪ কোটি টাকার সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব সাগরে ছিনতাই হওয়া চট্টগ্রাম বন্দর অভিমুখী এমভি থর নেক্সাস জাহাজে সরকারিভাবে আমদানি করা ১৫ হাজার ৭৫০ মেট্রিক টন ইউরিয়া সার রয়েছে বলে জানা গেছে। এই সারের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা।থাইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি গত শনিবার ভারত মহাসাগরের ইয়েমেনের সোকোত্রো দ্বীপের প্রায় ৪৫০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে। জাহাজের ২৭ জন নাবিকের সবাই থাইল্যান্ডের।সারের আমদানিকারক শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এ সংস্থার চট্টগ্রাম অঞ্চলের উপব্যবস্থাপক মাজহারুল হক প্রথম আলোকে জানান, সৌদি আরব সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের (জি টু জি) এক লাখ টন চুক্তির শেষ চালান ছিল এটি। জাহাজে থাকা সারের মূল্য প্রায় ৪৪ কোটি টাকা।জাহাজ কোম্পানির স্থানীয় প্রতিনিধি হাই শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম আলম চৌধুরী প্রথম আলোকে জানান, ছিনতাই হওয়ার আগে গত বৃহস্পতিবার রাত দুইটা ৪৫ মিনিটে জাহাজের কর্মকর্তাদের সঙ্গে ই-মেইলে সর্বশেষ যোগাযোগ হয়। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ প্রথম আলোকে জানান, জলদস্যুরা এভাবে একের পর এক জাহাজ ছিনতাই করায় জাহাজ কোম্পানিগুলো উদ্বিগ্ন হয়ে পড়ছে।