ছিনতাই হওয়া টাকার মালিককেই পেটাল পুলিশ!
রাজধানীতে ছিনতাই হওয়া টাকার মালিককে জনতার সামনেই পেটাল পুলিশ। দৈনিক বাংলা মোড়ে ছিনতাই হওয়া টাকার মালিক ফরিদ আহমেদ নামের ওই ব্যক্তিকে পেটানোর পর নিয়ে যাওয়া হয়েছে পল্টন থানায়। আর ছিনতাইয়ের সময় ধরা পড়ে গণপিটুনির শিকার যুবক মিজানুর রহমানকে পুলিশ প্রহরায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদ আহমেদের কর্মচারী রেজাউল দেড় লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় দৈনিক বাংলা মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে এক লাখ টাকা নিয়ে যায়। এ সময় জনতা সন্দেহভাজন এক যুবককে ধরে গণপিটুনি দেয়।ফরিদ আহমেদ জানান, কর্মচারী রেজাউলের কাছে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। এ সময় তিনি একা থানায় গিয়ে মামলা করতে চাইলে পল্টন থানার পুলিশ তাঁকে জোর করে তাদের গাড়িতে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সঙ্গে নিয়ে আসে ওই আহত ছিনতাইকারীকে।তখন পুলিশ ভ্যানটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে দাঁড় করানো ছিল। সেখানেই অন্য পুলিশদের সঙ্গে ছিলেন ফরিদ। তিনি আবার একাই থানায় যেতে চাইলে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) হাবীবের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সবার সামনেই ফরিদের দুই গালে দুই চড় মেরে ভ্যানে ওঠান হাবীব। ভ্যানে ওঠানোর পরও আরেকবার চড় মারতে দেখা যায় তাঁকে।এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, সেখানে মারধরের কোনো ঘটনা ঘটেনি। লোকটি থানায় এসে মামলা করতে চাচ্ছিলেন না, তাই পুলিশের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়েছে। তিনি বলেন, এখানে এক ব্যক্তি গণপিটুনির শিকার হয়েছে। তিনি যদি মামলা না করেন, তবে এর দায় তো পুলিশের ওপর বর্তাবে।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদুর রহমান বলেন, ঘটনার শিকার কোনো ব্যক্তির আইনি দায়িত্ব হচ্ছে মামলা করা ও পুলিশকে সাহায্য করা। তবে এ জন্য মারধর করার বিষয়টি কখনো সমর্থনযোগ্য নয়।