ছিনতাইকারী ক্রিস ব্রাউন!
সম্প্রতি মার্কিন সংগীত তারকা ক্রিস ব্রাউনের বিরুদ্ধে মিয়ামির পুলিশের কাছে আইফোন ছিনতাইয়ের অভিযোগ করেছেন ক্রিস্টাল স্প্যান নামের এক নারী। ক্রিস্টাল পুলিশের কাছে অভিযোগ করেছেন যে, ক্রিস ব্রাউন মিয়ামির এক নৈশ ক্লাব থেকে তাঁর আইফোন ছিনতাই করেছেন। যুক্তরাজ্যের ফিমেলফার্স্ট অনলাইনের বরাতে এ খবর দিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস। ক্রিস্টাল স্প্যান জানিয়েছেন, ঘটনা ঘটেছে ১৯ ফেব্রুয়ারি। এ প্রসঙ্গে ক্রিস্টাল পুলিশকে বলেন, তিনি গাড়িতে বসে আইফোনে ছবি তোলার চেষ্টা করছিলেন। এ সময় হঠাত্ই গাড়ির জানালার কাচ খুলে হাত থেকে ছোঁ মেরে আইফোনটি কেড়ে নিয়ে সটকে পড়েন ব্রাউন। ছিনতাইয়ের সময় নাকি ক্রিস্টালকে গালমন্দও করেছেন ২২ বছর বয়সী ‘লুক অ্যাট মি নাউ’ তারকা ক্রিস্টোফার মরিস ক্রিস ব্রাউন।অবশ্য পুলিশের কাছে অভিযোগ গেলেও এখনো গ্রেপ্তার করা হয়নি ক্রিসকে। কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, এখনো তদন্ত চলছে। এ মামলা আদালত পর্যন্ত গড়ালে কিন্তু বিপদেই পড়ে যেতে পারেন ক্রিস। কারণ, ২০০৯ সালের এক পুলিশি ঝামেলা এখনো তাঁর সঙ্গে ঝুলছে। সে সময় বান্ধবী রিয়ান্নাকে আঘাত করার এক মামলায় এখন জামিনে আছেন তিনি।