ছিনতাইকারী ধরতে রেলকর্মীদের প্রস্তুতি!
চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ঢাকার কমলাপুর স্টেশন থেকে শুক্রবার রাত ১১টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি যাত্রা শুরু করে নির্ধারিত সময়ের এক ঘণ্টার বেশি সময় পর ১২টা ১০ মিনিটে। ১৩ মের ট্রেন এক দিন পর ১৪ মে প্রথম প্রহরে যাত্রা শুরু করে। ট্রেন ছাড়ার ঘণ্টা খানেকের মধ্যে যাত্রীদের অনেকে ঘুমিয়ে পড়ে। আখাউড়া স্টেশন পার হওয়ার একটু পরই আচমকা শোরগোলে যাত্রীদের ঘুম ভেঙে যায়। ঘড়িতে তখন রাত তিনটা ২৮ মিনিট। ধীরে ধীরে ট্রেনটি থেমে যায়। এরপর ট্রেনের কর্মীরা ‘ছিনতাইকারী ধর’ চিৎকার করতে করতে ট্রেন থেকে নেমে পড়েন। ট্রেন যেখানে থেমেছে তার দুপাশে জলাশয়। কর্মীদের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা একবার ট্রেনের ছাদে আরেকবার নিচে লুকোচুরি খেলতে থাকে। ছিনতাইকারী ধরতে লাঠি আর পাথরের টুকরো নিয়ে রেললাইন ধরে দৌড়াচ্ছেন ট্রেনের কর্মীরা। এ সময় হঠাৎ একটি বগি থেকে ‘ছিনতাইকারী’ ‘ছিনতাইকারী’ চিৎকার শোনা যায়। ‘ড’ নম্বর বগির জানালার পাশে বসা এক মহিলা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। ব্যাগ হারিয়ে নিশ্চুপ ওই মহিলা। একই বগির পাশেই বসা যাত্রী পার্থ বলেন, ‘ছিনতাইয়ের খবর শুনে আমরা জানালা বন্ধ করছিলাম। মুহূর্তের মধ্যে আমার সামনে বাইরে থেকে জানালা দিয়ে ছোঁ মেরে ওই মহিলা যাত্রীর ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।’মুহূর্তেই এক বগি থেকে আরেক বগিতে ছিনতাইয়ের খবর ছড়িয়ে পড়ে। মালপত্র বাঁচাতে ধপাস ধপাস শব্দে জানালা বন্ধ করতে থাকে যাত্রীরা। একটু পরই জিশান নামে ট্রেনের এক কর্মী রুমাল দিয়ে থুতনি চেপে ট্রেনে ওঠেন। রক্তে জিশানের রুমাল ভিজে গেছে। তাঁকে থামিয়ে জানতে চাইলাম, এ অবস্থা কীভাবে হলো? জিশান বললেন, ‘চলন্ত অবস্থায় ছিনতাইকারীরা পাথর ছুড়ে মেরেছে।’ট্রেনে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেল, ট্রেন থামানোর পর চারজন যাত্রীর ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ট্রেন থামানোয় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাল যাত্রীরা। তাদের প্রশ্ন, ট্রেনটি কেন থামানো হলো? না থামালে চারজন যাত্রীর ব্যাগ ছিনতাই হতো না।চোর-ছিনতাইকারী ধরতে গিয়ে পর্যুদস্ত ট্রেনের কর্মী দীপুর সঙ্গে কথা হয়। ট্রেন থামানোর কারণ জানাতে গিয়ে তিনি বলেন, ‘এ জায়গায় সব সময় ছিনতাইকারীরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। তাই আজ প্রস্তুতি নিয়েছিলাম, যেভাবেই হোক ওদের ধরব। তবে আমাদের হাতে টর্চলাইট ছিল না। এ কারণে কিছুই করতে পারিনি।’এবার যাত্রীদের ক্ষোভ গিয়ে পড়ল ট্রেনের নিরাপত্তাকর্মীদের ওপর। ‘ঠ’ নম্বর বগির যাত্রী আশরাফ সানি বলেন, ছিনতাইকারীরা ট্রেনের আশপাশে ঘুরলেও পুলিশ ট্রেন থেকেই নামেনি। তাহলে তাঁদের নিরাপত্তার দায়িত্বে রেখে লাভ কী।যাত্রী আশরাফ যখন নিরাপত্তাকর্মীদের সমালোচনা করছিলেন, তখন বগিতে দাঁড়িয়ে ছিলেন নিরাপত্তাকর্মী সাদেক। এসব শুনে এই বগি ছেড়ে অন্য বগির দিকে হাঁটতে থাকেন তিনি। যাওয়ার আগে বলেন, আখাউড়ায় প্রায় প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা পর রাত চারটা চার মিনিটে চট্টগ্রামের উদ্দেশে আবার ট্রেনের চাকা ঘুরতে থাকে।পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। তবে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারা ও ছিনতাইরোধের দায়িত্ব পুলিশের।’রেলওয়ে পুলিশের সহকারী সুপার হাবিবুর রহমান বলেন, লোকবল কম থাকায় ট্রেনে পাঁচ-ছয়জনের বেশি পুলিশ সদস্য দেওয়া সম্ভব হয় না। আখাউড়ায় অতিরিক্ত নিরাপত্তা-ব্যবস্থা থাকার কথা। এর পরও এ ধরনের ঘটনা কেন ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।