ছিনতাইকারী বেপরোয়া গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকায় গতকাল মঙ্গলবার বিকেলে ছিনতাইকারীর গুলিতে মো. রুবেল (২৩) নামের এক দোকানকর্মী নিহত ও নাসির গাজী (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় রুবেলের কাছে থাকা ১০ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।এ ঘটনার পর ক্ষুব্ধ ব্যবসায়ীরা নাজিরাবাজারে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুলিবিদ্ধ নাসির গাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ নিয়ে চলতি মাসে (ডিসেম্বর) রাজধানীতে আটটি ঘটনায় ৬২ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের গুলিতে একজন নিহত, সাতজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হলেও পুলিশ লুণ্ঠিত টাকা ও অস্ত্র উদ্ধার করতে পারেনি।ছিনতাইয়ের মতো অপরাধ কেন বাড়ল এবং এ ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা কেন, জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ প্রথম আলোকে বলেন, সম্প্রতি বেশ কিছু ছিনতাইকারী ও অন্যান্য অপরাধী জামিনে মুক্তি পেয়েছে। তারা এসব ঘটাচ্ছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া এক-দেড় মাস ধরে রাজনৈতিক কারণে সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতেই পুলিশ বেশি ব্যস্ত। এসব কারণে ছিনতাইয়ের ঘটনাগুলো এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে অচিরেই অপরাধীরা ধরা পড়বে, সেভাবেই কাজ চলছে।গতকালের ঘটনা সম্পর্কে বংশাল থানার পুলিশ জানায়, নিহত রুবেল নাজিরাবাজার লেনের ‘ইকবাল ইন্টারপ্রাইজ’ নামের দোকানের ব্যবস্থাপক। নাসির গাজী একই দোকানের কর্মচারী। দোকানটির মালিক ইকবাল হোসেন ও মো. শাহীন নামের দুই ভাই।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল পৌনে চারটায় এই দুই কর্মচারীকে সঙ্গে নিয়ে মো. শাহীন পাশের একটি বেসরকারি ব্যাংকে চেক ভাঙিয়ে ১০ লাখ টাকা তুলে দোকানে ফিরছিলেন। স্কুলের ব্যাগে ভর্তি টাকাগুলো ছিল রুবেলের কাছে। তাঁরা ব্যাংক থেকে বের হয়ে ১০০ গজ উত্তরে আসামাত্র তিন যুবক রুবেলের কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। রুবেল বাধা দিলে ছিনতাইকারীদের একজন কোমর থেকে আগ্নেয়াস্ত্র বের করে রুবেলের বুকের ডান পাশে গুলি করে। তখন সঙ্গে থাকা নাসির গাজী বাধা দিতে গেলে আরেক যুবক তাঁর বাঁ পায়ে গুলি করে পাশের গলিতে দৌড়ে পালিয়ে যায়।গুলিবিদ্ধ নাসির গাজী সাংবাদিকদের বলেন, তাঁদের দোকান ব্যাংক থেকে আধা কিলোমিটারের মধ্যে। তাঁরা তিনজন ব্যাংক থেকে বের হয়ে দক্ষিণ পাশের ফুটপাত ধরে হেঁটে ফিরছিলেন। শাহীন ও তিনি কিছুটা সামনে আর রুবেল ছিলেন পেছনে। হঠাৎ ধ্বস্তাধ্বস্তি ও গুলির আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখেন, তিন যুবক রুবেলের হাতে থাকা ব্যাগ ধরে টানতে টানতে গলির ভেতর ঢোকানোর চেষ্টা করছে। তিনি ওই যুবকদের ধরতে এগিয়ে গেলে তারা পায়ে গুলি করে।শাহীন সাংবাদিকদের বলেন, ছিনতাইয়ের সময় তিন যুবকের হাতেই তিনি আগ্নেয়াস্ত্র দেখেছেন। এদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে।ঘটনার এক ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আশপাশের কয়েকটি দোকান বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা কুড়াচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। রাস্তাসংলগ্ন সরু গলির ভেতরেও সারি সারি দোকান। ঘটনাস্থলের কাছেই নবাবপুর পুলিশ ফাঁড়ি।গলির ভেতরে কয়েকজন দোকানদার বলেন, ছিনতাইকারীরা সম্ভবত ব্যাংকসংলগ্ন পূর্বমুখী সরু গলিতে ওত পেতে ছিল। পরে ওই গলি ধরেই তারা পালিয়ে যায়। তাঁরা বলেন, হঠাৎ তিনটি গুলির শব্দ শোনার পর কয়েকজন যুবককে দৌড়িয়ে পালাতে দেখা যায়। পরে তারা গলির মাথায় দুজনকে কাতরাতে দেখেন। ঘটনার সময়ও রাস্তায় অনেক লোক ও গাড়ি ছিল।এ বিষয়ে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমির উদ্দিন বলেন, ‘ওইখানে তো সব সময় পুলিশ থাকে। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটল, তা বুঝতে পারছি না। আশপাশের দোকানদাররাও কিছু বলতে চাইছে না। কে বা কারা ঘটনা ঘটিয়েছে, জানা যায়নি।’খবর পেয়ে হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রুবেলের স্বজনেরা। রুবেলের ভগ্নিপতি আবদুর রহিম বলেন, রুবেলের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে। বাবা আবদুল হক। তিন-চার বছর ধরে রুবেল ওই দোকানে কাজ করছিলেন।উত্তরায় ছিনতাই: গতকাল রাজধানীর উত্তরায় আকরাম হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গুলি করে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উত্তরা থানার উপপরিদর্শক শাহীনুর রহমান বলেন, বেলা সোয়া ১১টার দিকে ইসলামী ব্যাংকের উত্তরা শাখা থেকে টাকা তোলেন আকরাম। টাকা নিয়ে তিনি ব্যক্তিগত গাড়িতে উত্তরার ১০ নম্বর সড়কের বাসার সামনে গিয়ে নামেন। বাসায় ঢোকার আগমুহূর্তে একজন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্রের মুখে তাঁর টাকার ব্যাগটি ধরে টান দেয়। আকরাম তখন ব্যাগটি দিতে না চাইলে তাঁর ডান হাতে গুলি করে ছিনিয়ে নিয়ে অপেক্ষমাণ একটি মোটরসাইকেলে উঠে চলে যায় দুর্বৃত্তরা। আহত আকরাম হোসেনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ব্যাগে সাত লাখ টাকা ছিল বলে জানান তিনি।এক মাসে ৬২ লাখ টাকা ছিনতাই: চলতি মাসেই রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক আটটি বড় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনা ঘটেছে প্রকাশ্যে দিনের বেলা। দুর্বৃত্তরা নিয়ে গেছে ৬২ লাখ টাকা। এ ছাড়া ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা রাজধানীতে প্রতিদিনই ঘটছে। ছোট ঘটনার ক্ষেত্রে সাধারণত ভুক্তভোগীরা থানায় জানায় না।১১ ডিসেম্বর চানখাঁরপুলে দুজনকে গুলি করে ১২ লাখ টাকা ছিনতাই প্রসঙ্গে চকবাজার থানার ওসি মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। অস্ত্র বা টাকা উদ্ধার করা যায়নি।১১ ডিসেম্বর মাতুয়াইল এলাকায় একজনকে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাই হয়। যাত্রাবাড়ী থানার ওসি আবুল কাশেম এ ঘটনায় একজনের গ্রেপ্তারের কথা জানান।২৬ ডিসেম্বর কাকরাইলে গুলি করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের তদন্তে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার উপপরিদর্শক খান মো. জোবায়ের বলেন, অপরাধীদের শনাক্ত করতে প্রাথমিকভাবে পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।যেসব জায়গায় ছিনতাই হয় বেশি: ডিএমপির একাধিক কর্মকর্তা বলেন, বিভিন্ন থানার উন্মুক্ত বৈঠক পর্যালোচনা করে দেখা যায়, মহানগরের প্রায় আড়াই শ স্থানে নিয়মিত ছিনতাই হচ্ছে। এসব স্থানে সার্বক্ষণিক পুলিশ দেওয়া সম্ভব হয় না। তাই পুলিশের অনুপস্থিতির সুযোগ ছাড়াও ছিনতাইকারীরা পুলিশের দায়িত্বের পালাবদলের সময় বেশি ছিনতাই করে। এসব স্থানের মধ্যে রয়েছে: শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের আশপাশের মূল সড়ক, আগারগাঁও মোড়, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, জুরাইন, গাবতলী বাস টার্মিনাল, মিরপুর বেড়িবাঁধ, মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে, পীরেরবাগ মুক্তি হাউজিং, মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, কাঁটাসুর, ধানমন্ডির ৮ নম্বর ব্রিজ মোড়, ফার্মগেটসংলগ্ন ইন্দিরা রোড ও টিঅ্যান্ডটি কার্যালয়ের পেছনের গলি, বনানীর ঢাকা গেট, গুলশান নিকেতন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত মোড়, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগ রেলগেট, কাকলী মোড়, গুলশান শ্যুটিং ক্লাবের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, তিন নেতার মাজারের সামনের রাস্তা, মহাখালী কাঁচাবাজারের সামনে, মগবাজার নয়াটোলা, শ্যামপুরের দনিয়া, আলমবাগ, সূত্রাপুরের ঢালকানগর, ভজহরী সাহা স্ট্রিট প্রভৃতি।ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সব সময়ই নগরবাসীকে অনুরোধ করি মোটা অঙ্কের টাকা পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার জন্য। আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে অনেক অঘটন এড়ানো সম্ভব।’