ছিনতাইকারী সন্দেহে পুলিশের গুলিতে আহত ২, গ্রেপ্তার ৫
রাজধানীর গুলশান থানার বনানী এলাকায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের গুলিতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবক আহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এই দুজনসহ পাঁচজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।গুলশান থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বিল্লাল হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, ছিনতাইয়ের সময় ‘গুলি বিনিময়ের’ ঘটনায় ইলিয়াস ইসলাম (৩০) ও সাজেদুর রহমান (৩০) নামে দুজন আহত হন।ঘটনা সম্পর্কে এসআই মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, সাদা রঙের একটি গাড়িতে করে গুলশান ও বনানীর সংযোগ সেতুতে ছিনতাই হচ্ছে—গতকাল রাত পৌনে একটার দিকে থানায় এমন খবর আসে। তখন পুলিশের টহল দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাঁদের পিছু নিয়ে বনানী সাত নম্বর সড়কের ১৫ নম্বর বাড়ির সামনে ওই গাড়ির চাকায় গুলি করে। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালালে পুলিশও গুলি করে। একপর্যায়ে ইলিয়াস ও সাজেদুরের পায়ে গুলি লাগে। আহত অবস্থায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ছাড়া গাড়ির ভেতর থেকে সুমন (২২), রুবেল (২৩) ও টুকু মিয়াকেও (২৭) গ্রেপ্তার করা হয়। পুলিশ গাড়ির ভেতর থেকে তিনটি ছুরি, একটি রিভলবার, তিনটি ভ্যানিটি ব্যাগ ও পাঁচটি মানিব্যাগ উদ্ধার করে। এসআই বিল্লাল জানান, ইলিয়াসকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু) এবং সাজেদুরকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। টহল পুলিশের উপপরিদর্শক আবদুল বারিক বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দুটি মামলা করেন।