ছিনতাইকারী সন্দেহে র‌্যাবের গুলিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা সড়কে আজ বৃহস্পতিবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। র‌্যাব কর্মকর্তাদের দাবি, ওই যুবক ছিনতাইকারী। তাঁর কাছ থেকে দুটি গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, আজ রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) কাছে গোপন খবর আসে, চিড়িয়াখানা সড়কে বিসিআইসি কলেজের সামেন ছিনতাইকারীরা জড়ো হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল রাত পৌনে নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা র‌্যাব লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে গেলে র‌্যাবের সদস্যরা এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। ছিনতাইয়ে ব্যবহূত একটি মোটরসাইকেল ও দুটি হেলমেট ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হওয়া মুঠোফোনগুলিও ছিনিয়ে আনা। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আইয়ুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলো ডটকমকে বলেন, নিহত যুবকের কাছ থেকে দুটি গুলিভর্তি একটি রিভলবার, একটি ব্যাগে ল্যাপটপ ও কিছু মুঠোফোন পাওয়া গেছে। ব্যাগের ভেতরে পাওয়া একটি মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে অভিষেক কুমার বলে পরিচয় দেন। র‌্যাব কর্মকর্তার প্রশ্নের জবাবে অভিষেক জানান, ২৩ জুলাই মিরপুর এলাকা থেকে তাঁর পায়ে গুলি করে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ নিয়ে গেছেন। ল্যাটপটি অভিষেক শনাক্ত করেছেন। র‌্যাব কর্মকর্তা বলেন, ঈদ সামনে রেখে ছিনতাই বেড়ে যাওয়ায় র‌্যাবের সদস্যরা ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছেন।