ছিনতাইকারীদের কবলে পড়ে গুরুতর আহত ইডেন কলেজছাত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজ শুক্রবার সকালে ছিনতাইকারীদের কবলে পড়ে মাহমুদা আক্তার নামের ইডেন মহিলা কলেজের এক ছাত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ সকাল আটটার দিকে মাহমুদা দুই বান্ধবীসহ রিকশায় করে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় একটি টেক্সিক্যাবে করে আসা তিন-চারজন ছিনতাইকারী মাহমুদার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি ব্যাগটি আঁটকে ধরে রাস্তায় পড়ে যান। এরপর টেক্সিক্যাবের সঙ্গে ছিনতাইকারীরা তাঁকে ১০ থেকে ১২ হাত টেনে নিয়ে যায়। একপর্যায়ে তিনি ভ্যানিটি ব্যাগটি ছেড়ে দেন। পরে গুরুতর আহত অবস্থায় মাহমুদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকেরা।ভ্যানিটি ব্যাগে একটি ল্যাপটপ, মোবাইল ফোনসেট ও কিছু টাকা ছিল।