ছিনতাইকারীদের গুলিতে নিহত ১
পুরান ঢাকার (বংশাল থানাধীন) নর্থসাউথ রোডে ছিনতাইকারীদের গুলিতে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মচারী নিহত ও একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে নর্থসাউথ রোডে এ ঘটনা ঘটে।নিহত মো. রুবেল (২২) ইকবাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন। গুরুতর আহত নাসিরকে (৩৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ইকবাল এন্টারপ্রাইজের আরেক কর্মী মো. শাহীন বলেন, বিকেলে ১০ লাখ টাকার চেক ভাঙিয়ে তাঁরা হেঁটে ফিরছিলেন। এ সময় হঠাত্ পাঁচ-ছয়জন যুবক তাঁদের ঘিরে ধরে টাকার ব্যাগ চায়। তাঁরা টাকা দিতে অস্বীকার করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁদের গুলি করে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে টাকা নিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায় ছিনতাইকারীরা। বিকেল সাড়ে চারটার দিকে তাঁদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা রুবেলকে মৃত ঘোষণা করেন।ইকবাল এন্টারপ্রাইজের কার্যালয় নাজিরাবাজারে। প্রতিষ্ঠানটি প্লেনশিট, রড প্রভৃতি সামগ্রীর ব্যবসা করে।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জমিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।