ছিনতাইকারীদের গুলিতে পুলিশ আহত, গ্রেপ্তার ৩
রাজধানীর ধানমন্ডি ৮ নম্বর ব্রিজের কাছে গতকাল শনিবার রাতে পুলিশ ও ছিনতাইকারীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে সোহেল ইমতিয়াজ (৩৬) নামের একজন উপপরিদর্শক (এসআই) আহত হন। পরে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে।পুলিশ জানায়, গতকাল রাত সোয়া একটার দিকে ধানমন্ডির ৮ নম্বর ব্রিজের কাছে একদল ছিনতাইকারী প্রাইভেটকারে করে ছিনতাই করছিল। তিন ছিনতাইকারী টাকা ছিনতাই করছিল। এ সময় পাশে থাকা পুলিশ চেকপোস্ট থেকে পুলিশের সদস্যরা ছুটে আসে। তাঁদের দেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে এসআই সোহেল আহত হন।এ পর্যায়ে পুলিশ তিন ছিনতাইকারী মানিক, সাব্বির ও খোকনকে আটক করে। তাঁদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি ছুরি, তিনটি গুলি, একটি পিস্তল ও ১১১টি ইয়াবা বড়ি উদ্ধার করে। মানিকের পায়ে গুলি লেগেছে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইন, মাদক আইন, পুলিশের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে ধানমন্ডি থানায় চারটি মামলা করেছে। এ সব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আহত এসআইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর মানিককে ভর্তি করা হয়েছে রাজধানীর পঙ্গু হাসপাতালে।