ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন
পবিত্র রমজান মাসে রাজধানীতে বাড়তি নিরাপত্তাব্যবস্থার মধ্যেও গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সোয়েটার কারখানার এক কর্মকর্তা। মাহমুদুল হাসান চৌধুরী নামের ওই ব্যক্তিকে (৪৮) সন্ধ্যায় ছুরিকাঘাত করে তাঁর সঙ্গে থাকা লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সোয়া আটটার দিকে তাঁর মৃত্যু হয়।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মাহমুদুল হাসান গাজীপুরের মাওনা এলাকার কালার অ্যান্ড ফ্যাশন নামের একটি ডায়িং ও সোয়েটার কারখানার ক্রয় কর্মকর্তা। তাঁর বড় ভাই চৌধুরী কুদরত-ই-এলাহী ওই কারখানার একজন অংশীদার।কালার অ্যান্ড ফ্যাশনের আরেক অংশীদার ও পরিচালক হুমায়ুন কবীর খান প্রথম আলোকে বলেন, কারখানার কিছু মালামাল কেনার জন্য মাহমুদুল পুরান ঢাকার নয়াবাজার এলাকায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে কয়েক লাখ টাকা ছিল। সেখানে কাজ শেষে এক লাখের মতো টাকা নিয়ে তিনি রিকশা করে আজিমপুরে এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ইফতারের কিছুক্ষণ আগে তাঁর রিকশাটি বাংলা একাডেমীর কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী ওই রিকশার গতিরোধ করে। তাঁকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়। তবে তাঁর মুঠোফোনটি দুর্বৃত্তরা নেয়নি। মাহমুদুলের ডান হাত ও মাথার পেছনে ছুরিকাঘাতের ক্ষত দেখা গেছে।বাংলা একাডেমীর উল্টো দিকের সোহরাওয়ার্দী উদ্যানের এক চায়ের দোকানি বলেন, রমজান উপলক্ষে তাঁদের দোকানের সামনে পর্দা দিয়ে ঢাকা থাকায় তাঁরা কিছু দেখেননি। পরে চেঁচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখেন, বাংলা একাডেমীর কাছে মাহমুদুল পড়ে রয়েছেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তার করে ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।নিহত মাহমুদুলের পারিবারিক সূত্র জানায়, তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার মিরপুরে। তাঁর বাবার নাম আবদুল মালেক চৌধুরী।