ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্যাক্সিচালক নিহত
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় একজন ট্যাক্সিচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৯)। তাঁর বাবার নাম ইলিয়াস উদ্দীন আহমেদ। রবিউলের গ্রামের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঘোড়ামাড়া গ্রামে। ঢাকায় তিনি মিরপুরের ৪০/১ জহুরাবাদে থাকতেন।কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদ জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে গলায় ক্ষত নিয়ে গাড়ি চালিয়ে মিরপুর ১০ নম্বর থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে আসেন রবিউল। তিনি সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য ট্যাক্সি ও অটোরিকশা চালকদের কাছে সাহায্য চাইলে তাঁরা রবিউলকে আল-হেলাল হাসপাতালে নিয়ে যান। কাফরুল থানার পুলিশ খবর পেয়ে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, অন্য চালকেরা জানিয়েছেন, ছিনতাইকারীদের ধারালো ক্ষুর বা ছুরির আঘাতে রবিউলের গলায় মারাত্মক জখম হয়।