ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সেনাসদস্যসহ দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় আজ বুধবার ভোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক সেনাসদস্যসহ দুজন আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় সায়েম হোসেন (৩০) ও সেনাসদস্য আনোয়ার হোসেনকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত আনোয়ার হোসেন আজ বুধবার ভোরে চট্টগ্রাম থেকে সায়েদাবাদে এসে নামেন। তাঁর বাড়ি দোহারে যাওয়ার জন্য সেখান থেকে রিকশায় বাবুবাজার যাওয়ার উদ্দেশ রওনা হন। স্বামীবাগ রেললাইনের কাছে পৌঁছালে চার ছিনতাইকারী তাঁর গতিরোধ করে পিঠে, গালে ও হাতে ছুরি মেরে ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।পৃথক ঘটনায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মহাখালী উড়াল সেতুর ওপর একটি প্রাইভেটকারের পাঁচ-ছয়জন ছিনতাইকারী মোটরসাইকেল আরোহী সায়েম হোসেনের গতিরোধ করে। একপর্যায়ে পেটে ছুরি মেরে মোটরসাইকেলটি (হাঙ্ক) নিয়ে পালিয়ে যায়। সায়েমের অভিযোগ ছিনতাইকারীরা তাঁর কাছে থেকে সাড়ে ১৭ হাজার টাকা এবং দুটো মুঠোফোন নিয়ে যায়।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।